শেষ হলো মাইক্রোসফট ইমাজিন কাপ বাংলাদেশ পর্বের চূড়ান্ত পর্ব। এই পর্বে তিন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কারিগর, একাত্তর ও ইমাজিনারিয়াম। গত ২৬ এপ্রিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯টি দল। এতে গেম বিভাগে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কারিগর দল, উদ্ভাবন বিভাগে আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাত্তর দল এবং বিশ্ব নাগরিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্য ইমাজিনারিয়াম দল। প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। বাংলাদেশ পর্বের বিজয়ী এই তিন দল অনলাইন সেমিফাইনালে অংশ নেবে। সেখানে বিজয়ী হলে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। বাংলাদেশ চতুর্থবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর আগে ২০১১ সালের চূড়ান্ত পর্বে পিপল’স অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশের একটি দল।
