গত ২৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম ২০১৪। ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক ব্যুরোর সহযোগিতায় কর্মশালার আয়োজন করে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং আইসিটি সচিব এনআই খান। কর্মশালায় ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক অঞ্চলের চ্যাপ্টার ডেভেলপমেন্ট ম্যানেজার নাভিদ হক, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন, এয়ারটেল বাংলাদেশের চিফ ইনফরমেশন অফিসার লুত্ফর রহমান, ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার সুমন আহমেদ সাবির ভিন্ন ভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় বক্তারা বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় এগিয়ে যেতে হলে বাংলাদেশে মোবাইল ব্রডব্যান্ড সেবার উন্নয়ন করতে হবে। দেশব্যাপী মোবাইল নেটওয়ার্ক বিস্তৃত থাকায় খুব সহজে ব্রডব্যান্ড সেবা মানুষের হাতের নাগালে পৌঁছানো সম্ভব। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. লুত্ফর রহমানের সঞ্চালনায় কর্মশালায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
