গোয়ালন্দে আট আন্তঃজেলা ডাকাত অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:১৮
গোয়ালন্দ থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে দৌলতদিয়া থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোয়ালন্দ থানার ওসি আবুল বাসার জানান, রবিবার রাত একটার দিকে দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মেহগনি বাগানে সংঘবদ্ধ ডাকাতদল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানার এস.আই স্বপন কুমার সঙ্গীয় পুলিশ নিয়ে ধাওয়া করে জামাল মালত(৪৫), মনেক্কা(৪০), এরশাদ বেপারী(৩০), শামীম(২৮), নাঈম মোল্যা(২৫), আলামিন(২৪), সুমন(২৩) ও সুজন শেখ(২২) নামের আন্তঃজেলার আট ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি ধারালো চাইনিজ কুড়াল, ১টি ধারালো ছুরি, ১টি তলোয়ারসহ তিনটি লোহার রড উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েক ডাকাত পালিয়ে যায়। তাদের বাড়ি দৌলতদিয়া ইউনিয়নের ঈমান খার পাড়া ও হোসেন মণ্ডল পাড়ায়। এদের বিরুদ্ধে গোয়ালন্দ থানাসহ রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।