পৃথক দুর্ঘটনায় নিহত ১৩

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:১৯
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক দুর্ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। কিশোরগঞ্জে হাজতির আত্মহত্যা কিশোরগঞ্জ জেলা কারাগারে সবার অগোচরে বিল্ডিংয়ের বাইরের দিকে অবস্থানরত ল্যাট্রিনের পাইপ বেয়ে ছাদে উঠার সময় তিনতলা থেকে নিচে লাফিয়ে পড়ে ভৈরব থানার দারোগা হত্যা মামলার আসামি মামুন মিয়া(৩৫) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায়। হাজতি মামুন মিয়ার বাড়ি ভৈরব উপজেলার ভৈরবপুর-উত্তরপাড়া গ্রামে। কারাসূত্রে জানা যায়, কারাগারের ৪র্থ তলার বাসিন্দা হাজতি মামুন মিয়া নাস্তা করে সকাল সাড়ে ৯ টার দিকে নিচে নেমে আসে। এক পর্যায়ে সে বিল্ডিংয়ের পূর্ব পাশের ল্যাট্রিনের পাইপ বেয়ে উপরে উঠার সময় দুইজন সুইপার তাকে দেখে চিত্কার দিলে তিন তলার কাছাকাছি ঠার পর সে ওখান থেকে লাফিয়ে পড়ে। তাকে দ্রুত জেলা সদর আধুনিক হাসপাতালে আনার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ কারাগারের জেলার মো. শফিউল আলম জানান, মামুন আত্মহত্যার উদ্দেশ্যেই সে ছাদে উঠার চেষ্টা করছিল বলে তার ধারণা। জামালপুরে এক হাজতীর মৃত্যু জামালপুর প্রতিনিধি\জামালপুর জেলা কারাগারে আমিন নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। কারাগার সূত্র জানাযায়, পুলিশী আইনের ৩৪ ধারায় বিচারাধীন মামলার আসামী মোঃ আমিন(২৫) (হাজতী নং ১৩১৯/১৪) হঠাত্ অসুস্থ হয়ে পড়লে গত শনিবার রাত ১১টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ২৭এপ্রিল রোববার তার মৃত্যু হয়। মৃত আমিন জামালপুর পৌর শহরের বামুনপাড়া এলাকার বাসিন্দা সুলতান মিয়ার ছেলে। পীরগঞ্জে দুই ট্রাক চালক নিহত রংপুরের পীরগঞ্জের রাজারামপুর এলাকায় গত রবিবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন, আমিনুল ইসলাম (৩৫) ও সাইফুল ইসলাম (৩৭)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ফেনীতে নিহত দুই ফেনীর লেমুয়া এলাকায় গত রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, মানিক (৩০) ও একরাম। আহত সোহাগকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা গাড়িটি আটক করে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। গোবিন্দগঞ্জে দুইজন নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালতলা এলাকায় গতকাল সোমবার সকালে পিকআপের ধাক্কায় মসজিদের মোয়াজ্জিনসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত শুকনা শেখের পুত্র তালতলা জামে মসজিদের মোয়াজ্জিন মোসলেম উদ্দীন (৮০) ও একই গ্রামের মৃত বোচা শেখের পুত্র আলম মিয়া (৪৫)। আহত আকলিমা বেগমকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সীতাকুন্ডে দুইজন নিহত চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মো. রনি (২৫) ও সাদ্দাম হোসেন নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ এর সামনে মোটর সাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খুলনায় শিশু শিক্ষার্থী নিহত খুলনা নগরীর নিরালা ১২ নম্বর সড়কে গত রবিবার সকালে মাটি ভর্তি ট্রলির চাপায় রাকিব (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাকিব বাসা থেকে স্কুলে যাওয়ার পথে নিরালা আবাসিক এলাকায় রাস্তা পারাপারের সময় মাটি ভর্তি একটি ট্রলি তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। নিহত রাকিব নিরালা আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। খুলনা সদর থানার এসআই কাজী বাবুল হোসেন জানান, ট্রলির চাপায় শিশুটির মাথা থেতলে যায়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শালিখায় নিহত এক মাগুরা শালিখার সীমাখালী বাজারে গতকাল সোমবার ভোরে বাস-ট্রাক সংঘর্ষে মিন্টু বিশ্বাস (৩৫) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে বিদ্যুত্স্পৃষ্টে নিহত এক চট্টগ্রাম কর্ণফুলীর খোয়াজনগর আজিমপাড়া এলাকার বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানায় গত রবিবার বিদ্যুত্স্পৃষ্টে জসীম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। জানা যায়, গার্মেন্টস কারখানায় কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জসীম গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।