চরফ্যাশনে ২০ দিনের আল্টিমেটামে খোলা হল অধ্যক্ষের কক্ষের তালা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:২০
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে নিয়োগ প্রত্যাশীর তালা অবশেষে ২০ দিনের আল্টিমেটামে খুলে দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় তালা খুলে দেয়ার পর কলেজ কর্তৃপক্ষ তাদের পূর্ব নির্ধারিত এইচএসসি’র বার্ষিক পরীক্ষা যথাসময়ে শুরু করেছে। কলেজ অধ্যক্ষ একেএম শাহ আলম মোবাইল ফোনে জানান, সকাল সাড়ে ৯টায় নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর হাওলাদার এবং নুরাবাদ ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান কলেজে উপস্থিত হয়ে গভর্নিং বডির বর্তমান সভাপতিকে পরিবর্তনের জন্য ২০ দিনের আল্টিমেটাম দিয়ে তালা খুলে দেন। ইংরেজী ৩য় কোটায় শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সুপারিশপুষ্ট মোস্তফা কামাল গত রবিবার ক্লাসে পাঠদানের অনুমতি চায়। বিষয়টি কমিটির সাথে আলোচনা করে তাকে জানাবেন বলে অধ্যক্ষ জানান। এ কথার পরই মোস্তফা কামাল অধ্যক্ষকে কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে দেন।