কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় দুুই পুলিশসহ ৪ জন আহত হয়েছে। রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার মহাসড়কের দাউদকান্দির হাসানপুর পৌঁছলে একদল ডাকাত প্রাইভেটকারের টায়ারে রড ছুঁড়ে মেরে থামানোর চেষ্টা করে। চালক গাড়ি নিয়ে চলে আসার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দির থানার ওসি আবদুস ছালাম জানান, মহাসড়কে টহলরত পুলিশ ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় পুলিশের এসআই আতিকুর রহমান ও কনস্টেবল ইউসুফ গুলিবিদ্ধ হন। প্রাইভেটকার আরোহী কেবা রাখাইনকে ডাকাতরা চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এদিকে আহত অবস্থায় গুলিবিদ্ধ এক ডাকাতকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতাল নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি। আহত গাড়ি চালককে প্রথমে গৌরীপুর হাসপাতালে ও পরে চিকিত্সার জন্য ঢাকায় নেয়া হয়।