বিভিন্ন স্থানে ছয় খুন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:২০
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সিলেটে লাশ উদ্ধার সিরাজগঞ্জ থেকে পাঁচ দিন আগে অপহূত ব্যবসায়ী আবুল কাশেমের লাশ গত রবিবার সিলেটের দক্ষিণ সুরমার পল্লীর ভাড়াটিয়ার বাসার সেফটি ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। জনৈক ব্যক্তি অপহূত কাশেমের এক আত্মীয়কে মোবাইল ফোনে লাশের সন্ধান জানালে পুলিশ ঐ ফোনের সূত্র ধরে লাশটি উদ্ধার করে। এব্যাপারে অপহূতের আত্মীয় সিরাজগঞ্জের চৌহালী থানায় একটি অপহরণ মামলা করেন। দামুড়হুদায় বিউটিশিয়ান খুন চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় গত রবিবার দুপুরে নিজ বিউটি পার্লারে রূপা খাতুন (২৫) নামে এক বিউটিশিয়ান খুন হন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় ঐদিন দুপুরে রূপা টাচ মেকওয়েভারে যায়। বিকাল ৩টার দিকে কে বা কারা বিউটি পার্লারে ঢুকে রূপার গলা কেটে হত্যা করে। পুলিশ এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে রূপার স্বামী সুজন আহম্মেদের পিতা নূরুল ইসলাম, মা সফুরা বেগম, ছোট ভাই রিপনকে আটক করেছে। দিরাইয়ে ব্যবসায়ী খুন সুনামগঞ্জের দিরাই বাসস্ট্যান্ডে গত রবিবার সকালে সায়েদ মিয়া (২৮) নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ী খুন হন। এ ঘটনায় ভাংচুর করা হলে ঘটনাস্থল থেকে পুলিশ দোকানের কর্মচারী ঝিনুক চন্দ্র দাস ও রুবেল মিয়া এবং মোবারক হোসেনসহ তিনজনকে আটক করেছে। ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন, পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল ও দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম গনিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, ঢাকাগামী নৈশকোচ মামুনের হেলপার মোবারক হোসেন গাড়ির চাকা মেরামতের জন্য নারায়ণ ভলগেনাইজিং ওয়ার্কশপে যায়। ওয়ার্কশপের মালিক নারায়ণ চন্দ্র দাস ১৫০ টাকা দাবি করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাসস্ট্যান্ডের ম্যানেজার বাবুল মিয়া হেলপার মোবারকের পক্ষ নিয়ে নারায়ণ দাসকে মারধর করেন। এসময় ব্যবসায়ী সায়েদ মিয়া বিষয়টি নিষ্পত্তি করতে চাইলে নারায়ণ দাস ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সায়েদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। ফেনীতে যুবকের লাশ উদ্ধার ফেনী সদর উপজেলার হাফেজীয়া এলাকা থেকে গত রবিবার দুপুরে বেলাল হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেনী মডেল থানার (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। রায়গঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া গ্রাম থেকে গতকাল সোমবার সকালে খাদিজা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, হত্যার পর তার মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল বলে ভিকটিমের স্বজনরা অভিযোগ করেন। নিহতের স্বামী পলাতক রয়েছে। টেকেরহাটে যুবকের লাশ উদ্ধার টেকেরহাট উত্তরপাড় ভুষিমাল হাট এলাকার কুমার নদ থেকে গত রবিবার দুপুরে রিপন শেখ (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।