শপথ নিতে গিয়ে সুন্দরগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পৃথক দুটি হত্যা মামলায় গতকাল সোমবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা জামায়াতের সহ-সম্পাদক মাজেদুর রহমান এবং ভাইস চেয়ারম্যান সুন্দরগঞ্জ পৌর জামায়াতের সহ-সম্পাদক আবু সোলায়মান সাজা। সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান. তারা দু্’জন শপথ গ্রহণের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। খবর পেয়ে রংপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় সকাল সাড়ে ৮ টায় ওই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, পুলিশ হত্যা মামলায় ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় চেয়ারম্যান মাজেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জে অনিয়ম-দুর্নীতি বন্ধে পল্লী বিদ্যুত্ অফিস ঘেরাও
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ পল্লী বিদ্যুতের অনিয়ম-দুর্নীতি ও হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত রবিবার দুপুরে কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পূর্ব চৌরাস্তা ও বটতলায় পথসভায় বক্তৃতা করেন, সিপিবি’র পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, কৃষক সমিতির সভাপতি অধির রায়, সাধারণ সম্পাদক মুর্তজা হক প্রমুখ। পরে পল্লী বিদ্যুতের পীরগঞ্জ জোনাল অফিস ঘেরাও এবং অফিসের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
বরগুনায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভা
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনা সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভা গত রবিবার অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর। সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূইয়া। নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, ভাইস চেয়ারম্যান মাওলানা মহিবুল্লাহ হারুন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পরিচিতি সভায় বক্তব্য রাখেন।
পাবনা জেলা স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবনা প্রতিনিধি \ পরিচয়পত্র প্রদান, ক্যান্টিন ও লাইব্রেরী স্থাপনসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা স্কুলের শিক্ষার্থীরা। গত রবিবার দুপুরে ক্লাস বর্জন করে স্কুলটির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী স্কুল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষার্থীরা জানান, স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের কোনো পরিচয়পত্র দিচ্ছেন না। এছাড়া স্কুলে কোনো ক্যান্টিন ও লাইব্রেরী নেই। সকল শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদান, ক্যান্টিন ও লাইব্রেরী স্থাপনসহ ১১ দফা আগামী ১৫ দিনের মধ্যে না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। এদিকে স্কুলের প্রধান শিক্ষক মিছিলের সত্যতা স্বীকার করে জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।
লালমনিরহাটে মহিলা এমপি রুমিকে সংবর্ধনা
লালমনিরহাট প্রতিনিধি \ লালমনিরহাট সদর উপজেলার ছিলাখানা দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও সংরক্ষিত মহিলা আসন-২ এর এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত রবিবার এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মওলানা জামাল উদ্দিন আনসারী। বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু, এ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি তাহমেদুল ইসলাম বিপ্লব, এরশাদ হোসেন জাহাঙ্গীর প্রমুখ।
ভুরুঙ্গামারীতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ভুরুঙ্গামারীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা কমান্ডার মহিউদ্দিন আহমেদ। প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মণ্ডল, সাবেক জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজারদের ছাড়িয়ে নিচ্ছে অভিভাবকরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজারদের সংশোধন করার অঙ্গীকার করে তাদের অভিভাবকরা মুচলেকা দিয়ে পুলিশের কাছ থেকে ইভটিজারদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইভটিজিং বেড়ে যায়। উঠতি বয়সের যুবকরা বিভিন্নভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করে। ঘটনাটি পুলিশের গোচরীভূত হলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়ে গত কয়েকদিনে ২০ জনকে আটক করে। ইভটিজারদের কারো পিতা, কারো মাতা, ভাই-বোন ও তাদের অভিভাবকরা অনুতপ্ত ও ক্ষমা প্রার্থনা করে অভিযুক্তদের সংশোধন করার অঙ্গীকার করে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।
বটিয়াঘাটার দেড় লাখ মানুষ ওএমএস সুবিধা বঞ্চিত
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ সরকারের ওএমএস সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। নির্দিষ্ট সময়ে ওএমএস চালু না হওয়া এবং শুধুমাত্র উপজেলা সদরে ডিলার নিয়োগ দেয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। খাদ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ৩ এপ্রিল থেকে ওএমএসের মাধ্যমে ২৪ টাকা দরে মাথাপিছু ৫ কেজি চাল বিক্রি করার কথা। ১৭ এপ্রিল ডিলাররা নিয়োগ পেয়ে চাল উত্তোলন করেন। আইনের জটিলতার কারণে উপজেলা সদরে ৬ জন ডিলার নিয়োগপ্রাপ্ত হন। ডিলাররা দেড় টন করে চাল উত্তোলন করে বিক্রি করার চেষ্টা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই আজও দেড় টন চাল বিক্রয় করে শেষ করতে পারেনি। ডিলারদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা সদরে ১ কিলোমিটার জায়গার মধেই ৬টি বিক্রয় কেন্দ্র । তারা বলেন, গ্রামের বিভিন্ন ইউনিয়নে ডিলার নিয়োগ দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব।
ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতা ও নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহরের দাবিতে ঠাকুরগাঁওয়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার মিছিল শেষে পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি তোজ্জামেল হক তাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র প্রমুখ।
গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসানউদ্দিন সরকার, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আহাম্মদ আলী রুশদী, ডা. মাজহারুল আলম, সাখাওয়াত হোসেন সবুজ, জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে জরিমানা
সিলেট অফিস \ বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক আংগু মিয়াকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে। বিমানবন্দর সূত্র জানায়- আংগু মিয়া বৃদ্ধা মাকে নিয়ে লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেট আসছিলেন। উড়ন্ত বিমানে তিনি বিশৃঙ্খলা করেন এবং যাত্রী আসনের সামনে লাগানো একটি ভিডিও মনিটর ভেঙে ফেলেন। এ নিয়ে বিমানের ক্রুদের সাথেও নাকি তিনি দুর্ব্যবহার করেন। বিমানবন্দরে ফ্লাইট নামার পর পাইলটসহ ক্রুরা আংগু মিয়াকে আটক করে বিমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে বিমান কর্তৃপক্ষ আংগু মিয়াকে মনিটরের দাম বাবদ ১০ হাজার ডলার জরিমানা করেন।
শাহজাদপুরে প্রশাসনের পরিচয়ে প্রবাসীর বাসায় ডাকাতি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরান টেপরী গ্রামের এক আমেরিকা প্রবাসীর বাড়িতে প্রশাসনের পরিচয়ে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। জানা যায়, গত রবিবার দিবাগত রাত ৩টায় করতোয়া নদীর তীরবর্তী বাসায় ৭/৮ জনের ডাকাতের দল প্রশাসনের পরিচয়ে বাসায় ঢুকে বাসার লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। প্রবাসী মুকুলের স্ত্রী দেলোয়ারা জানান, মুখোশ পরা ডাকাতরা আমার ছেলে নাইমকে (০৬) অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীর চাবি দিতে বাধ্য করে। পরে তারা ৩ ভরি সোনার অলংকার, ৩০ হাজার নগদ টাকা, ১টি মোবাইল সেট, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি রঙিন টেলিভিশনসহ বেশকিছু মালামাল নিয়ে যায়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে কোন অভিযোগ থানায় আসেনি।
জি এম মনিরুল ইসলাম একুশে টেলিভিশনের বর্ষসেরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি \ দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি একুশে টেলিভিশনের ২০১৩-২০১৪ সালের বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। গত শনিবার বিভাগীয় ও জেলা প্রতিনিধিদের সম্মেলন ও কর্মশালা ২০১৪ এর অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সি ই ও আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ, সহকারী মহাব্যবস্থাপক তারিক তাবিব, বার্তা সম্পাদক মজুমদার জুয়েল, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনিনসহ একুশে টেলিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মীর্জাগঞ্জে ব্র্যাকের শস্য কর্তন অনুষ্ঠান
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ ব্র্যাক মীর্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার উপজেলার চালিতাবুনিয়া গ্রামে সূর্যমুখী হাইসান-৩৩ শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির অধীন উত্পাদিত এই শস্য কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হানিফ মৃধা। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নবনির্বাচিত মীর্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও ইউএনও মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন ও ব্র্যাক উপজেলা সিনিয়র ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম খান প্রমুখ।
