বাংলাদেশে বেসরকারি বিদ্যুত্ খাতে আরো ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ‘মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মিগা)। গতকাল সোমবার সচিবালয়ে ঢাকা সফররত মিগা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেইকো হোন্ডা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় ইআরডি অতিরিক্ত সচিব আরাস্তু খান ও ঢাকাস্থ বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহানেস জাট উপস্থিত ছিলেন।
কেইকো হোন্ডা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বেসরকারি বিদ্যুত্ (আশুগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, শাহজীবাজার) ও টেলিযোগাযোগ খাতে মিগা ইতোমধ্যে ৩৩ কোটি ডলার বিনিয়োগ করেছে। আগামী এক বছরে বেসরকারি বিদ্যুত্ খাতে আরো ২৫ কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে আমাদের। অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ঘোড়াশালে বিদ্যুত্ কেন্দ্রে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ঢাকাস্থ বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহানেস জাট বলেন, যমুনার পশ্চিম পাড়ে নদী শাসনের কাজে বিশ্বব্যাংক সহায়তা দিতে আগ্রহী।
বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মেগা বিদ্যুত্ খাতে আরও বিনিয়োগ করতে চেয়েছে। আমরা এলএনজিতে সহায়তা চেয়েছি।
