ছাতকে গ্রামবাসীর সংঘর্ষ ১০ জন গুলিবিদ্ধ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:০৮
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পথচারীসহ শতাধিক লোক আহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের ট্রাফিক পয়েন্টে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও ও ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পায়ে মোটর সাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে গনেশপুর গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র দুলু মিয়া ও মুক্তিরগাঁও গ্রামের ফজর আলীর পুত্র জাহাঙ্গীর মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শহরের সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে। উভয় গ্রামবাসী প্রতিপক্ষকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। পাশাপাশি দুইপক্ষের মধ্যে গুলিবিনিময়ও হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় উভয় গ্রামবাসী শক্তি সঞ্চয় করে সংঘর্ষ চালিয়েছে। সংঘর্ষ চলাকালে শহরের অর্ধশতাধিক দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। রাত ১২টা পর্যন্ত দফায়-দফায় সংঘর্ষ চলতে থাকে। সুনামগঞ্জ থেকে এএসপি আমিনুল ইসলাম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে গুরুতর আহত আব্দুল হেকিম, সেলিম, ইজাজুল, জাহাঙ্গীর, নুরুল, মিনহাজ, বুলাই, আব্দুর রশিদ, নুর হোসেন, জাবেদ আহমদ, সাদেকসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকেও ম্যাজিষ্ট্রেসী ভূমিকা পালন না করার কারণেই এ সংঘর্ষ দীর্ঘস্থায়ী হয়।