বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
পটুয়াখালীতে নিখোঁজের ৪ দিন পর গলাকাটা লাশ উদ্ধার
পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়ার লোহালিয়া নদীর চর থেকে গতকাল সোমবার সকালে মানছুর মোল্লা (১৮) নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় মানসুর তার মোটরসাইকেলসহ নিখোঁজ হয়। পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ এলাকার মৃত মোতালেব মোল্লার ছেলে মানসুর ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। নিহতের চাচা রাজ্জাক মোল্লা জানান, মৌকরণ সেতুর ঢাল থেকে যাত্রীবেশী দুই যুবক মানসুরকে মোটরসাইকেলসহ ভাড়ায় দুমকির বোর্ড অফিস এলাকার উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় পরদিন সদর থানায় রাজ্জাক মোল্লা একটি সাধারণ ডায়েরি করে। দুমকি থানার ওসি মো. জিয়াউল হক জানান, মোটরসাইকেল চালক মানছুরের গলায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ব্যাপারে দুমকি থানায় একটি হত্যা মামলা হয়েছে।
পুঠিয়ায় এক যুবক খুন
রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর উত্তর পাড়ার বিল থেকে গত সোমবার রাতে কামাল (২৪) নামে এক ভটভটি গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুঠিয়া থানার এসআই ওয়াহাব জানান, গত রবিবার দুপুরে ভটভটিসহ নিহত কামালকে অপহরণ করে একই গ্রামের সাইফুল ও বাবু নামে দুই ব্যক্তি। এ ঘটনায় গত এপ্রিল নলডাঙা থানায় একটি অপহরণ মামলা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১ আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি ও পাইকারচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গত সোমবার টেটাবিদ্ধ হয়ে গোলাপ মিয়া (২০) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মো. কামাল হোসেন ও মো. জুয়েল মিয়া নামে দুইজনকে গ্রেফতার করেছে। জানা যায়, পাইকারচর গ্রামের জব্বার চেয়ারম্যান ও তাতুয়াকান্দি গ্রামের আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেনের সাথে কথা কাটাকাটির জের ধরে উভয় দলই ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেটাবিদ্ধ হয়ে গোলাপ মিয়া গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
