দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা
গাজীপুরে শিশুসহ নিহত দুই
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও লেগুনার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, আট মাসের শিশু কন্যা যুথী আক্তার ও গীতা রানী (৪৫)। আহতদের মধ্যে পাঁচজনকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জে স্কুল ছাত্রী নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত সোমবার বিকালে সড়ক দুর্ঘটনায় শাপলা রানী (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। স্কুল শেষে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কে ফুটানী টাউনে একটি ট্রাকের ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার প্রেক্ষিতে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাস বর্জন করে।
ছাতকে বিদ্যুত্স্পৃষ্টে নিহত ১
সুনামগঞ্জের ছাতকে গত সোমবার বিদ্যুত্স্পৃষ্টে শফিকুল হক (৪০) মারা গেছেন। এ সময় সহোদর সালেহ আহমদ আহত হন। কালবৈশাখির ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এ হতাহতের ঘটনা ঘটে। আহত শফিকুল হক ও সালেহ আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শফিকুল হকের মৃত্যু হয়। সালেহ আহমদের অবস্থাও আশংকাজনক।
নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নওগাঁয় শহরের চকদেব জনকল্যাণ পাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে সুখি (৬) ও অরিয়ন (৭) নামে দুই শিশু মারা গেছে। খেলার এক পর্যায়ে সুখি পুকুরে পড়ে গেলে অরিয়ন তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাদেরকে মৃত বলে জানান।
বড়াইগ্রামে বৃদ্ধের মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামে গত সোমবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল করিম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যান।
সৈয়দপুরে রিকশা চালক নিহত
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীড় এলাকায় গত সোমবার রাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইকবাল হোসেন (৩৪) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে নীলফামারী যাওয়ার পথে যাত্রীবাহী বাস একটি ট্রাক সাইড দিতে গিয়ে রিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই রিকশা চালক নিহত ও বাসটি খাদে পড়ে ১০ জন বাসযাত্রী আহত হন। আহতদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
