বাঘায় মাদক বিরোধী সমাবেশের মঞ্চে ছিলেন দুই মাদকসেবী। এদের একজন মাদক সেবনের অভিযোগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ’লীগ নেতা বাবুল হোসেন। অপরজন মুক্তার হোসেন আড়ানীয় পৌর কাউন্সিলর। তার নামেও রয়েছে মাদক সেবনের অভিযোগ। গত সোমবার উপজেলার আড়ানী ইক্ষু ক্রয় কেন্দ্রে থানা পুলিশের পক্ষ থেকে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে মঞ্চে উঠেন তারা। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমানের সভাপতিত্বেই সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবীর পরাগ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাশিদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাসিন প্রমুখ।
মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সাজা হয় আ’লীগ নেতা বাবলুর। এরপর তিনি জামিনে এসে পরবর্তী সময় আদালতে হাজির না হলে তার নামে গত বছরের সেপ্টেম্বর মাসে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। লোকজন জানান, প্রভাবশালী এক নেতার আত্মীয় হওয়ার সুবাদে বাবলুকে পুলিশ গ্রেফতার করে না।
অপরজন মোক্তার হোসেনের বিরুদ্ধে এলাকাবাসী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে মাদক সেবনের দায়ে গ্রেফতার করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা হিসাবে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ওসি আমিনুর রহমান জানান, মঞ্চে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। কখন তারা মঞ্চে উঠেছেন তাও তিনি দেখেননি।
