হোসেনপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ হোসেনপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো:আয়ুব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, সেলিনা আক্তার গতকাল সোমবার উত্সবমুখর পরিবেশে দায়িত্বভার গ্র্রহণ করেছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক অধ্যক্ষ নাজিম উদ্দিন আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো:আব্দুর রহিম, এমএ সালাম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন।
রায়পুরায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানের প্রতিনিধি দল
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার চরমরজাল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপানের জাইকার প্রতিনিধি দল।
গতকাল সোমবার সকালে ক্লিনিক পরিদর্শন শেষে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) কর্তৃক আয়োজিত ক্লিনিক চত্বরে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন তারা।
আলোচনা সভায় সিএইচসিপি শিউলি আক্তারের পরিচালনায় কমিউনিটি ক্লিনিকের উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন জাপানের নাগাসাকি ইউনিভার্সিটির রিসার্চার ইউমিকো ইনোই (এমপিএইচ), জাপান টিওসিভির স্বেচ্ছাসেবক মাবিকো ফুজিমোরা, এসএমপিপি-২ প্রজেক্ট সিজি এন্ড সিএমজি ম্যানেজার মনীষা মাফরুহা মনি, জাইকার নরসিংদী জেলা ব্যবস্থাপক এসএমপিপি দুকুল বড়ুয়া প্রমুখ।
দাউদকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গত সোমবার দাউদকান্দি উপজেলার পেন্নুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এম.পি। সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র। বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম সরকার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার প্রমুখ।
ফুলবাড়ীয়ায় ডিজিটাল মেলা উদ্বোধন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে গত সোমবার ডিজিটাল মেলার উদ্বোধন করে সংসদ সদস্য আলহাজ এডভোকেট মোসলেম উদ্দিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রুনা উপস্থিত ছিলেন।
জিয়ানগরে মুসলিম এইডের গ্রামীণ নারী দলনেতাদের সম্মেলন
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা\ জিয়ানগরে মুসলিম এইড বাংলাদেশ আইডিবি ফায়েল খায়ের প্রোগ্রামের আওতায় গ্রামীণ নারীদের শতাধিক দলনেতাদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার শাখা ব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফাইজুল কবির তালুকদার, উপজেলা কৃষি অফিসার অমিতাভ মণ্ডল, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস, এম, মুঈনুর রহমান ও আবুল হাসান প্রমুখ।
জয়পুরহাটে গ্রামীণফোন থ্রি’জি নেটওয়ার্কের যাত্রা শুরু
জয়পুরহাট প্রতিনিধি\ জয়পুরহাটে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গত সোমবার থেকে গ্রামীণ ফোন থ্রি’জি নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে। এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।
গ্রামীণ ফোনের এড়িয়া ম্যানেজার সাফাত আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, গ্রামীণ ফোন কর্মকর্তা দিল উজায়ের ইসলামসহ অন্যরা।
জামালপুরে মাধ্যমিক শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ
জামালপুর প্রতিনিধি\ মাধ্যমিক স্তরের শিক্ষকরা যাতে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা করতে পারে এই লক্ষ্যে গত সোমবার আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। সদর উপজেলা নির্বাহী অফিসার লুত্ফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
নলছিটিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ নলছিটিতে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর, ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ ও ডালিয়া নাসরিন অফিসে আসেন এবং তাদের দায়িত্বভার গ্রহণ করেন। এসময় ইউএনও আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওই কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মুক্তাগাছায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা\ মুক্তাগাছা উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন আহমেদ, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ খান মোঃ সালাহ উদ্দিন কাইজার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলু প্রমুখ।
রূপগঞ্জে কৃষকদের বিক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকায় আমেরিকান বেস্টওয়ে সিটি কৃষকের জমি না কিনে বালু ভরাটের প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় হাজী নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আমেরিকান বেস্টওয়ে সিটি কর্তৃপক্ষ জোরপূর্বক কৃষকের জমি দখল করে বালু ভরাট করছে। অনেকের জমি চেকের মাধ্যমে রেজিষ্ট্রি করে নেয়ার পর অদ্যাবধি ব্যাংক চেক পাস হয়নি। চেক ফিরিয়ে নিয়ে টাকা পরিশোধের কথা বলে আসলে তা করছে না তারা। পরে আবাসন প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা ১৫ দিনের মধ্যে কৃষকদের পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
বটিয়াঘাটায় ওয়াচ গ্রুপের সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে একটি কার্যকর সামাজিক পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করার লক্ষ্যে ওয়াচ গ্রুপের এক সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় শেখ আব্দুল হামিদকে সভাপতি এবং এস.এম. ফরিদ রানাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়াচ গ্রুপের সদস্য রেজাউল করিম, নজরুল ইসলাম, সজলী খাতুন তামান্না, রিংটন মণ্ডল, বন্দনা রায়, জেজেএস প্রতিনিধি কাজী আজিজুর রহমান প্রমুখ।
নারীর সামাজিক ক্ষমতায়নে কুলিয়ারচরে ব্র্যাকের সভা
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ব্র্যাকের স্থানীয় সরকার শক্তিশালী ও নারীর সামাজিক ক্ষমতায়নে উপজেলা মহিলা ফোরামের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। ফোরামের স্থানীয় নারী নেত্রী শিল্পী পারভীনের সভাপতিত্বে অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজা বেগম পারুল। সহযোগী সংস্থা ব্র্যাকের কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র জেলা ব্যবস্থাপক গৌতম কুমার চক্রবর্তী। এতে আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের নারী সদস্যগণ।
শ্যামনগরে ইউপি সদস্য বরখাস্ত
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার শ্যামনগরে এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, উপজেলার ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসিম আলী সরদারের বিরুদ্ধে ফৌজদারী দঃ বিধি কয়েকটি মামলায় অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর স্বাক্ষরিত ১৬০ নং স্মারকপত্রে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৩৪(১) ধারা মোতাবেক ইউপি সদস্য হাসিম আলী সরদারকে ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
সৈয়দপুরে ৭ কোটি টাকার বিদ্যুত্ বিল অনাদায়ী
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুত্ বিল অনাদায়ী রয়েছে। এসব আদায়ে বার বার তাগাদা দেয়া হলেও কোন ফল হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় বিদ্যুত্ বিভাগের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ পাওনা রয়েছে আটকেপড়া পাকিস্তানিদের ২২টি ক্যাম্পে প্রায় ২ কোটি টাকা, সৈয়দপুর পৌরসভার কাছে ৮২ লাখ টাকা। বাদবাকি শিল্প ও আবাসিক গ্রাহকের কাছে পাওনা রয়েছে। বকেয়া বিল উত্তোলনে বার বার তাগাদা দেয়া হলেও কোন কাজ হচ্ছে না। এ প্রসঙ্গে আবাসিক প্রকৌশলী ( নির্বাহী) মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, বকেয়া বিল উত্তোলনে গ্রাহকদের তালিকা করা হচ্ছে এবং যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সুন্দরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম শপথ গ্রহণ করেছেন। গত সোমবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত তাকে শপথ বাক্য পাঠ করান। মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ সংসদীয় আসনের পরপর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম হাফিজুর রহমান প্রামাণিকের পত্নী।
রামগতিতে এমপি ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে গত সোমবার। আলেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সভাপতি শামছুল বাহার খোন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান আহম্মদ উল্লাহ সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, রামগতি পৌরসভার মেয়র সাহেদ আলী পটু, ব্যবসায়ী মৃণাল কান্তি পাল প্রমুখ।
নেত্রকোনায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি
নেত্রকোনা প্রতিনিধি \ আইনগত সহায়তা দিবস উপলক্ষে গত সোমবার নেত্রকোনা জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে শহরে জেলা ও দায়রা জজ মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিকালে সার্কিট হাউজে জেলা ও দায়রা জজ মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ, নারী ও শিশু নির্যাতন দমন জেলা জজ আবুল কাসেম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ নেওয়াজ ফকির প্রমুখ।
লোহাগাড়ায় বাংলামতি ধানের মাঠ দিবস
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বোরো ফসল বাংলামতি (ব্রি-ধান-৫০) ধানের মাঠ দিবস অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি অফিসার মো: বুলবুল, মো: ইদ্রিস আলী, তেজয় মোহন নাথ, মানিক চন্দ্র শুক্ল দাশ ও কৃষক মো: আলী উপস্থিত ছিলেন।
গাজীপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ সভা
গাজীপুর প্রতিনিধি \ সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর সড়ক নিরাপত্তা কর্মসূচির ও অ্যাডভোকেসী ফর সোশ্যাল চেঞ্জ-এর উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: শাহ আলম শরীফ, গাজীপুর এলজিইডি নির্বাহী পরিচালক শরফুল ইসলাম, জেলা আনসার কমান্ডার আলমগীর হোসেন, সিনিয়র এএসপি (হেডকোয়ার্টার) তৌহিদুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক, ব্র্যাক কর্মকর্তা প্রণব কুমার রায় প্রমুখ।
সিংগাইরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ সিংগাইর উপজেলার বশীর উদ্দিন ফাউন্ডেশন হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ঘুষ দুর্নীতি, জাল স্বাক্ষর ও টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ওই স্কুলেরই ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ। সিনিয়র সহকারী জজ আদালত মানিকগঞ্জে দায়ের করা মামলা থেকে জানা গেছে, প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান জনৈক নাসরিন আক্তারকে স্কুলের আয়া নিয়োগদানের কথা বলে এক লাখ এবং জনৈক পিয়ন তারিক আজিজের বেতন এমপিও করার জন্য এক লাখ টাকা উেকাচ নেন। এ ক্ষেত্রে কমিটির সভাপতিসহ সকল সদস্যের সই স্বাক্ষরও জাল করেছেন তিনি। এছাড়া এমপিও করার কথা বলে আরো দুইজন শিক্ষকের কাছ থেকে এক লক্ষাধিক টাকা উেকাচ নেন সে। প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ কোনটিই সত্য নয়।
চট্টগ্রামে সংবাদপত্র কম্পিউটার অ্যাসোসিয়েশনকে কক্ষ দিলেন মেয়র
চট্টগ্রাম অফিস \ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম বলেন, প্রতিদিনের ঝকঝকে সংবাদপত্র প্রকাশের পিছনে কম্পিউটার অপারেটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের জীবনমান, কর্মক্ষেত্রের পরিবেশ ও সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। গত সোমবার মেয়রের সাথে সংবাদপত্র কম্পিউটার এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়কালে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, এসোসিয়েশন নেতাদের মধ্যে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আহছান খুররম, যুগ্ম সাধারণ সম্পাদক এস প্রকাশ পাল প্রমুখ।
আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ২ জনের জেল
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার মহির উদ্দীনের পুত্র আজাদ হোসেন (৩৭) ও লকু পূর্ব কলোনীর খলিল শেখের পুত্র সৃজন শেখকে (২০) ৬ মাস করে বিনাশ্রম জেল দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।
বিরামপুরে জেন্ডার ইস্যু ভিত্তিক সেমিনার
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলা রিসোর্স সেন্টারে গতকাল মঙ্গলবার জেন্ডার ইস্যু ভিত্তিক সেমিনার হয়েছে। নর্দার্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আইসিসিবি বিরামপুরের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা পারগানা পরিষদের সভাপতি কেরোবিন হেমব্রম। বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার ময়নুল হক, রিসোর্স সেন্টারের প্রশিক্ষক সাহাদুর রহমান, নর্দার্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার আঃ সামাদ, মডেল প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতেখার হোসেন প্রমুখ।
দামুড়হুদায় হরিজন সম্প্রদায় নিয়ে কর্মশালা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার হরিজন ও দলিত সম্প্রদায়ের লোকজনদের সমাজে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা ফেয়ার এর সার্বিক আয়োজন ও দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-০২ রেজাউল ইসলাম প্রধান অতিথি ছিলেন। হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ফেয়ারের প্রকল্প কর্মকর্তা নাজমুল হক শামিম, পান্না লাল, সাইফুল ইসলাম ও শামীম সাগর।
নাসিরনগর পূর্বভাগ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৬ মে
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি’র নেতা মোঃ সায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নিবার্চনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশীদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ নির্ধারণ করা হয়। তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল তারিখ থেকে ৫ মে পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ ০৫/০৫/২০১৪, বাছাই ০৭/০৫/২০১৪, প্রত্যাহার ১১/০৫/২০১৪।
করিমগঞ্জে ব্র্যাকের কর্মশালা
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার করিমগঞ্জে ব্র্যাকের উদ্যোগে “নিরাপদ আবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয়” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুসন। এতে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ বজলুর রহমান, ব্র্যাকের সিনিয়র ফিলাড কমিউনিকেটর বিলাস সৌরভ বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমানউল্লাহ দর্জি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান খান প্রমুখ।
ত্রিশালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান রঞ্জুকে সংবর্ধনা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ত্রিশালের রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মবিন রঞ্জু ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে গত সোমবার। পরে সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল মবিন রঞ্জু বলেন, জনপ্রতিনিধি হিসেবে উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রায় ৯৫ ভাগ সম্পন্ন করায় আমি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রসঙ্গত, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচ ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তাকে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
