প্র যু ক্তি ব্য ক্তি ত্ব : অ্যালবার্ট ফার্ট

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:২৬
শুরুর দিকে কিলোবাইট থেকে শুরু হয়েছিল স্টোরেজ মিডিয়া। একটা পর্যায়ে এসে ম্যাগনেটোরেজিস্টেন্সের আবির্ভাব মূলত বড় আকৃতির স্টোরেজের মূল নিয়ামক হয়ে ওঠে। এই ম্যাগনেটোরেজিস্টেন্সের অন্যতম একজন উদ্ভাবক হলেন অ্যালবার্ট ফার্ট। ফরাসী এই পদার্থবিদ জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালের ৭ মার্চ। প্যারিসের একটি প্রতিষ্ঠান থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ইউনিভার্সিটি অব প্যারিসের অরসে ফ্যাকাল্টি অব সায়েন্স থেকে পিএইচডি এবং এসসিডি (ডক্টরেট ডি সায়েন্স) ডিগ্রি লাভ করেন। ১৯৮৮ সালে তিনি প্রথম জায়ান্ট ম্যাগনেটোরেজিস্টেন্স ইফেক্ট (জিএমআর) প্রত্যক্ষ করেন। হার্ডডিস্কের স্টোরেজ বাড়াতে স্পিনট্রনিক্সেও তার অবদান রয়েছে। তার গুরুত্বপূর্ণ সব কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার লাভ করেন ফার্ট। বেশকিছু বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক অধ্যাপনাতেও নিয়োজিত রয়েছেন তিনি। ২০০৭ সালে পিটার গ্রুনবার্গের সাথে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারও লাভ করেন অ্যালবার্ট ফার্ট।