পেনড্রাইভ এখন কে না ব্যবহার করে থাকে। সার্বক্ষণিক ডিজিটাল সব তথ্য বহনের জন্য পেনড্রাইভের এখন কোনো বিকল্পই নেই। সচরাচর কম্পিউটার বা ল্যাপটপের সাথেই মূলত ব্যবহার করা হয়ে থাকে পেনড্রাইভ। তবে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির ব্যবহার বাড়তে থাকায় এসব ডিভাইসের জন্যও পেনড্রাইভ তৈরির চল শুরু হয়েছে। স্মার্টফোনও এখন সমর্থন উচ্চ রেজ্যুলেশনের অডিও-ভিডিও এবং উচ্চমানের মাল্টিমিডিয়া ফাইল। স্মার্টফোনেও যাতে বাইরের স্টোরেজ ব্যবহার করা যায়, সেই সুবিধা প্রদান করতেই স্ট্রনশিয়াম তৈরি করেছে তাদের ইউএসবি-অন-দ্য-গো। স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে এই পেনড্রাইভ। এর একপাশে রয়েছে একটি স্ট্যান্ডার্ড ইউএসবি ২.০ ইন্টারফেস এবং অন্যপাশে রয়েছে মাইক্রো-ইউএসবি পোর্ট। এই মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমেই সরাসরি স্মার্টফোন বা ট্যাবলেট পিসির সাথে বাড়তি কোনো ক্যাবল ছাড়াই যুক্ত করা যাবে পেনড্রাইভটিকে। ৮ গিগাবাইট থেকে ৩২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজে এটি বাজারে আনা হয়েছে। এগুলোর ডেটা রাইটিং স্পিড সর্বোচ্চ ৫ এমবিপিএস এবং রিডিং স্পিড সর্বোচ্চ ১৫ এমবিপিএস। ৮, ১৬ ও ৩২ জিবি স্টোরেজের পেনড্রাইভগুলোর দাম যথাক্রমে ৮, ১৩ ও ২৩ ডলার।
