মোহামেডানের দাবা টুর্নামেন্ট শুরু

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০৩
মোহামেডানের হল রুমে দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার ও রানী হামিদ এবং ডক্টর কাজী মোতাহের হোসেনের ছবি ঝুলছে। পৃথক পৃথক ছবির সাথে লেখা আছে—দাবাগুরু কাজী মোতাহের হোসেন, নিয়াজ আমাদের গৌরব, আমাদের অহংকার, জিয়া অনন্য অতুলনীয়, রানী হামিদ মহিলা দাবার কিংবদন্তী, রিফাত আত্ম প্রত্যয়ী, রাকিব তারুণ্যের প্রতীক এবং রাজীব দুরন্ত দুর্বার। এই ছবিতেই আটকে নেই মোহামেডানের দাবা উদ্যোগ। গতকাল এই ক্লাবটির আয়োজনে দেশের তিন গ্র্যান্ডমাস্টার জিয়া, রাকিব ও রাজিব-এর উপস্থিতিতে আন্তর্জাতিক স্কুল দাবার উদ্বোধন হয়ে গেল। তারা এসেছিলেন দেশ-বিদেশ থেকে আসা দাবাড়ুদের উত্সাহ দিতে। দেশের দাবাড়ুরা জিয়া, রিফাতদের পেয়ে দারুণ খুশি। তাদের উত্সাহ ব্যঞ্জক কথায় নিজেদেরকে বড় দাবাড়ু হওয়ার স্বপ্ন দেখে নাফিসা, শ্রাবনীরা। মোহামেডান ক্লাবের টেন্টে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনীতে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব বলেন, ‘এখানে হার-জিতের কোনো ব্যাপার না। এখানে আনন্দের জন্যই খেলা।’ আব্দুল্লাহ আল রাকিব বলেন, ‘মোহামেডানের এই আয়োজনে অনেক প্রতিভা রয়েছে। যারা দাবায় ভালো করতে পারেন।’ মোহামেডানের আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কা থেকে ক্ষুদে দাবাড়ুরা এসেছেন। সাথে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দাবাড়ুরা লড়াই করবেন। গতকাল বিকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করে মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন। আজ বিকাল তিনটায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু। গতকাল ফিদে মাস্টার ফাহাদ রহমান, ভারতের অর্ক সেনগুপ্তা, রাফসান বিন ওমর, আকিব জাওয়াদসহ ১০ জন খেলোয়াড় জয়ী হয়েছেন।