মতলবের আইসিডিডিআরবিতে ১০দিনে সহস্রাধিক রোগী ভর্তি

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:১৬
মতলবে ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১০ দিনে মতলব দক্ষিণে অবস্থিত আইসিডিডিআরবি’র হাসপাতালে ১ হাজার ৭ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে যার মধ্যে শিশু রোগীই বেশি। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির অভাবে জেলায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। গত ২০ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ১০ দিনে ১ হাজার ৭ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ৬২৪ জনই শিশু। ভর্তি রোগীদের মধ্যে চাঁদপুর সদরের রোগীই বেশি। গত ১০দিনে ভর্তি রোগীর মধ্যে চাঁদপুর সদরের ১৫৬ জন, মতলব দক্ষিণ উপজেলার ৭৬ জন, মতলব উত্তর উপজেলার ৬০ জন, শাহরাস্তী উপজেলার ১৯ জন, হাজীগঞ্জ উপজেলার ৯২ জন, ফরিদগঞ্জ উপজেলার ৮৭ জন ও কচুয়া উপজেলার ৬১ জন রোগী রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী জেলা শরিয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জসহ অন্যান্য জেলা থেকেও প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। আইসিডিডিআরবি’র মেডিক্যাল অফিসার ডা.শাকী আকতার বলেন, এখন বেশির ভাগ রোগীই সিগালা ও সালমোনিলা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। আগের মতো কলেরা ভাইরাস না থাকায় রোগী মারা যাচ্ছে না।