ভাণ্ডারিয়া বন্দর তাফসির মাহফিলের শেষ দিনে আখেরী মোনাজাতে গত মঙ্গলবার রাতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আল্লাহ্তায়ালা আপদ-বিপদ দিয়ে আমাদের ঈমান পরীক্ষা করেন। এ পরীক্ষায় আমাদের টিকে থাকতে হবে। ঈমান যদি ঠিক থাকে, কেউ কারো ক্ষতি না করে, অবশ্যই তার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে।
তিনি আরো বলেন, আমাদের সকলের আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করা উচিত যে, আমরা সকলে তাফসির মাহফিলের কোরআন খতমে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা যদি পাপ করে থাকি তাহলে আল্লাহপাক নিজ গুণে ক্ষমা করে দিবেন বলে আশা করি।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, স্থিতিশীল অবস্থায় দেশ চলছে না বরং একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে তিনি আখেরী মোনাজাতে অংশ নেন।
আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি জাফর আহম্মদ। মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্সের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক জোমাদ্দার। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খলিলুর রহমান খলিল, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, ইউএনও কাজী মাহবুবুর রশিদ, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার প্রমুখ।
