নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ডালুরকান্দা গ্রামের মোঃ মশুর পুত্র নূরুল ইসলামকে (৫০) হত্যার অভিযোগে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদান্ডের আদেশ দেন। এছাড়া একই মামলায় আরো ৯ জনকে ১০ বছর করে কারাদন্ড এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন। গতকাল বুধবার ২ জন ব্যতীত সকল আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ডালুরকান্দা গ্রামের আব্বাস আলী এবং আকবর আলীর মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মনোমালিন্য চলছিল। ২০০৮ সনের ২১ মার্চ সকালে তাদের মধ্যে জমি নিয়ে কথাবার্তা চলার এক পর্যায়ে রতন মিয়া ও সুজন মিয়া আব্বাস আলীকে অপদস্ত করলে আব্বাস আলী প্রাণভয়ে নিকটবর্তী দোকানে আশ্রয় নেন এবং তার জামাতা নূরুল ইসলাম ও তার ছেলেদের মোবাইল ফোনে এই ঘটনার কথা জানায়। একথা জানার পর নুরুল ইসলাম ও অন্যরা আব্বাস আলীকে উদ্ধারের জন্য আসার পথে আকবর আলীর পুত্র রতন এবং সুজনসহ অন্যরা তাদের উপর দেশীয় অস্র নিয়ে হামলা চালালে নূরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্য কয়েকজন আহত হয়। নুরুল ইসলামের পুত্র মোঃ শাহজাহান ঘটনার চারদিন পর দুর্গাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশীট দাখিল করলে বিজ্ঞ জজ উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে উপরোক্ত রায় প্রদান করেন।
