বিভিন্ন স্থানে তিন খুন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩১
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। মুক্তাগাছায় কৃষককে গলা কেটে হত্যা ময়মনসিংহের মুক্তাগাছার বালিয়া গ্রামে গত মঙ্গলবার আ. লতিফ খান (৪৮) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানান, অতিরিক্ত গরমের কারণে বাড়ি থেকে বের হয়ে পাশের রাস্তায় কালভার্টের ওপর গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আহত করে। আহত লতিফ পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে লোকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। সিলেটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সিলেট সদর উপজেলার টুকেরবাজারের নিকট শাহজালাল ব্রিজের নিচ থেকে গত মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জালালাবাদ থানার ওসি জানান, সোমবার গভীর রাতে কে বা কারা লাশটি ফেলে যায়। নিহতের পরণে ছিল শার্ট ও কালো প্যান্ট। তার শরীরের বিভিন্ন জায়গায় এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মোহনগঞ্জে শ্বাসরোধে গৃহবধূ হত্যা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রাম থেকে গতকাল বুধবার সকালে রেজিয়া খাতুন (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, রেজিয়া খাতুনের সাথে প্রথমে আব্দুল কুদ্দুছের বিয়ে হয়। ৭ বছর পূর্বে রেজিয়া খাতুন আব্দুল কুদ্দুছকে ছেড়ে আবু বক্করকে বিয়ে করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল মোমেন বলেন, রেজিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হয়। মৃতের মেয়ে বিউটি আক্তার বাদী হয়ে মায়ের দ্বিতীয় স্বামী আবু বক্করসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছে। এ ঘটনার পর থেকেই স্বামী আবু বক্কর পলাতক রয়েছে।