কক্সবাজারের টেকনাফে ট্রাকের অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে স্থলবন্দর থেকে ঢাকা ও চট্টগ্রামে কাঠ পরিবহন বন্ধ রেখেছেন বন্দর ব্যবসায়ীরা। গত রবিবার থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত কাঠ পরিবহন বন্ধ ছিল। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার জ্বালানি তেলের দাম না বাড়ালেও ট্রাকের মালিকেরা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। নতুন কৌশল অবলম্বন করে আবারো যানবাহন মালিকেরা ভাড়া বাড়ানোর দাবি জানান। এদিকে চট্টগ্রামের কাঠ ব্যবসায়ী ওমর উদ্দিন আনসারী জানান, সরকার বর্তমানে কোন ধরনের জ্বালানি তেলের দাম না বাড়ালেও ট্রাক মালিকরা ভাড়া বাড়িয়ে দেন। তার উপর বিগত দুই বছরে ২৭ হাজার টাকার ভাড়া এখন ৩৪ হাজার আদায় করছেন। এরপরও অতিরিক্ত দুই থেকে সাড়ে তিন হাজার টাকা বাড়িয়ে দিয়েছেন। টেকনাফের কয়েকজন কাঠ আমদানিকারক জানান, ট্রাক মালিকরা হঠাত্ করে অতিরিক্ত ভাড়া আদায় করায় মিয়ানমার থেকে আমদানি করা কাঠ বন্দরে খোলা আকাশের নিচে। তীব্র রোদে কাঠ ফেটে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।
