দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা
সীতাকুন্ডে নিহত ২
চট্টগ্রামের সীতাকুন্ড কুমিরায় গতকাল বুধবার পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, আনোয়ার হোসেন (২৫) ও মো. তারেক (১৮)।
টাওয়ার থেকে পড়ে নিহত এক
কিশোরগঞ্জ শহরের গাইটাল সওদাগর মসজিদ রোড এলাকায় গত মঙ্গলবার রাতে বাংলা লিংকের টাওয়ার থেকে পড়ে সোহাগ মিয়া (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বরিশালে বিদ্যুত্স্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
বরিশাল সদর উপজেলার নৌ বন্দর থানার সিংহেরকাঠি গ্রামে গত মঙ্গলবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে ফারুক হাওলাদার (৬১) নামে এক রাজ মিস্ত্রি মারা গেছেন। পাশের বাড়ির বিল্ডিংয়ের ছাদের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তার মাথায় লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চকরিয়ায় স্কুল ছাত্র নিহত
কক্সবাজার পৌরশহরের চিরিঙ্গা এলাকায় গত মঙ্গলবার সকালে জমির হোসেন ছোটন (১২) নামে এক স্কুল ছাত্র মারা গেছেন। সে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় শিক্ষার্থীরা চালকের ফাঁসির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দু’ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
ঘিওরে আহত ২৫
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় গতকাল বুধবার সকালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও মুন্নু মডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
