টানা ৪৩ ঘন্টা বিদ্যুিবহীন ছিল পাকুন্দিয়া উপজেলার ২০টি গ্রাম। কেন বিদ্যুত্ নেই পাকুন্দিয়া পল্লী বিদ্যুতের এরিয়া অফিসের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার কারণ জানা যায়নি। এর ফলে উপজেলাবাসীকে অসহনীয় দুর্ভোগের মুখে পড়তে হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যায় শিলাবৃষ্টিসহ ঝড় ও বজ্রপাত। ঝড়ের আঘাতে বিদ্যুত্ সঞ্চালন লাইনের খুঁটি ও তারের উপর গাছ ও ডালপালা পড়ে খুঁটি ভেঙ্গে গিয়ে তার ছিঁড়ে যায়। ফলে ওই সময় থেকেই পাকুন্দিয়া উপজেলার সর্বত্র বিদ্যুত্ সংযোগ বন্ধ হয়ে যায়। বিদ্যুত্ না থাকায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়াসহ বিভিন্ন কলকারখানার কাজকর্মের মারাত্মক বিঘ্ন ঘটে। এছাড়াও বিভিন্ন বাসা-বাড়িতে ফ্রিজে থাকা মাছ, মাংস ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়। পরে মঙ্গলবার রাত দশটায় বিদ্যুত্ সংযোগ স্বাভাবিক হয়। এ বিষয়ে জানতে পাকুন্দিয়া পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কালামের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
