বরিশালে উপ-নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ইসলামী আন্দোলন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৩
বরিশাল সদর-৫ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে গত ৫ জানুয়ারির নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শওকত হোসেন হিরন এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৯ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। সোমবার এ আসনে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা লবিং শুরু করেন। শুরুতে সকলের ধারণা ছিলো দলের মনোনয়ন পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া যাবে। গত দু’দিন আগে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাওঃ সৈয়দ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন আভাস দেয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা মনোনয়ন প্রত্যাশীদের জন্য ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে। তবুও বসে নেই শাসক দলের মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সদ্য প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের সহধর্মিনী সমাজসেবক জেবুন্নেছা আফরোজ। হিরন বেঁচে থাকা অবস্থায় জেবুন্নেছা আফরোজ সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সর্বত্র পরিচিতি লাভ করেন। স্বামী মেয়র থাকা অবস্থায় স্ত্রী জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সংসদ সদস্য হচ্ছেন এমন গুঞ্জনও ছিলো এখানে। মনোনয়নের ব্যাপারে আশাবাদী জেবুন্নেছা আফরোজ স্বামী শওকত হোসেন হিরনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রত্যয় নিয়ে নির্বাচনের মাঠে নামতে চাইছেন।