সোমবার রাতের অন্ধকারে তিস্তা সেচ ক্যানেল ফুটো করে পানি চুরির ঘটনায় রংপুর প্রধান সেচ ক্যানেলের প্রায় ৩০ ফুট বাঁধ বিধ্বস্ত হয়ে শতবিঘা জমির বোরো ধান বিনষ্ট হয়েছে। জানা গেছে, কিশোরীগঞ্জ উজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের কাছে রংপুর প্রধান সেচ ক্যানেলের ডান তীর বাঁধ ফুটো করে কতিপয় লোকজন রাতের অন্ধকারে পানি চুরি করায় ফুটা বড় হয়ে পানির চাপে বাঁধ ভেঙ্গে যায়। ফলে বাঁধের মাটি চাপা পড়ে এবং পানিতে শত বিঘা জমির বোরো ধান তলিয়ে বিনষ্ট হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করে জানায়, পাউবোর কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সাথে যোগসাযোসে তিস্তা সেচ ক্যানেল ফুটো করে পাইপ দিয়ে পানি চুরির ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
