আড়াইহাজারে এইচআইভি বিষয়ে প্রশিক্ষণ
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ে এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রমে সমপ্রসারণ ও জোরদারকরণ এবং মাদক প্রতিরোধ ও ঝুঁকিহ্রাসে মাদক নিরোধ শিক্ষা কার্যক্রমের উপর ২দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল বুধবার ৩টায় শেষ হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা। প্রশিক্ষণ দেন প্রফেসর আব্দুল্লাহ মাসুদ, রোকসানা আক্তার ও কামরুজ্জামান প্রমুখ।
সুন্দরগঞ্জে শিক্ষক না হয়েও শিক্ষক প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার কুশটারী এমইউ দাখিল মাদ্রাসায় শিক্ষক নয় অথচ শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জানা গেছে, উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল আযম (চুনু) যোগদানের পর থেকে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়ায় মাদ্রাসায় শিক্ষকতায় সময় দিতে না পেরে বদলী শিক্ষক হিসেবে রিয়াজল হক নামের এক বহিরাগত লোককে দায়িত্ব দেন। দীর্ঘ ৮ বছর থেকে এ অবস্থা চলতে থাকায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবেও অধিষ্ঠিত হন। এমতাবস্থায় শিক্ষক-কর্মচারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে ভারপ্রাপ্ত সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান-এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোরেলগঞ্জে গাঁজা সম্রাজ্ঞী গ্রেফতার
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ পৌর সদর থেকে গাঁজা সম্র্রাজ্ঞী হিসেবে পরিচিত আনোয়ারা বেগমকে (৪৫) গাঁজাসহ গ্রেফতার করেছে । গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ষ্টিমার ঘাট সংলগ্ন বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা এএসআই সনজীব ঘোষের নেতৃত্বে একটি টিম বাসায় অভিযান চালিয়ে সাড়ে ৮ শ’ গ্রাম গাঁজাসহ আনোয়ারাকে গ্রেফতার করে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ রকিব উদ্দিন জানান। গাঁজা সম্র্রাজ্ঞী আনোয়ারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সাথে জড়িত।
বাঞ্ছারামপুর স্কুল ছাত্রী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা আশ্রাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তুলনা রানী দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের শাস্তির দাবিতে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গত বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশ্রাফবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচী ও শোক র্যালি বের করা হয় । র্যালি শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট রফিক শিকদার, প্রফেসর চান মিয়া সরকার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
অপহরণকারীদের সুমতির কারণে ছাড়া পেলেন স্কুল ছাত্র
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা \ সীতাকুণ্ডে ভাটিয়ারী এলাকার হাজী মোঃ ইসমাইলের স্কুল পড়ুয়া ছাত্র মোঃ শাহজাহান (১৮) অপহরণকারীদের সুমতির কারণে ছাড়া পেয়েছে। জানা যায়, শাহজাহান ভাটিয়ারী এশিয়া ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকাবস্থায় গত রবিবার ২টার দিকে একটি মাইক্রো তার সামনে এসে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার জন্য কাছে আসতে থাকে। সরল মনে শাহজাহান কাছে আসলে অপহরণকারীরা তাকে টেনে গাড়ীতে তুলে নেয়। এরপর থেকে তার আর কোন হদিস পায়নি তার পরিবার। শাহজাহান জানায়, অপহরণকারীরা তাকে মনছুরাবাদ এলাকায় নিয়ে একটি বাড়ীতে আটকে রেখে বেদম প্রহার করে এবং ফোনে বাবা-মার সঙ্গে কথা বলার জন্য চাপ দেয়। এরপর গতকাল বুধবার দুপুর ১২টায় তাকে অপহরণকারীরা রাস্তায় এনে ছেড়ে দেয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।
লালমনিরহাটে ফিজিওথেরাপী ক্যাম্পের সমাপনী
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল বুধবার লালমনিরহাটে একটি বেসরকারি সংস্থা আশা-এর উদ্যোগে তিস্তা নদীর চর অঞ্চল মারাইহাট ব্রাঞ্চে ৩ দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপী ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত হয়। আশা ডিস্ট্রিক ম্যানেজার মোশারফ হোসেন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, বক্তব্য রাখেন আশার আঞ্চলিক ম্যানেজার মোখলেছুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম আজাদ, ডা. এআর রহমান (ফিজিওথেরাপিষ্ট) প্রমুখ।
রামগঞ্জে ন্যাশনাল লাইফের ৩০ বছর পূর্তি উত্যাপন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাস্থ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ রামগঞ্জ জোনের জোনাল কার্যালয়ে গত মঙ্গলবার দুপুরে কেক কেটে কোম্পানীর ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়। কোম্পানীর সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোম্পানীর নোয়াখালী এরিয়া ম্যানেজার মোর্শেদুল আলম চৌধুরী, জেড এম বেলায়েত হোসেন, জেড আই তোফাজ্জল হোসেন ফিরোজ, মজিবুর রহমান মজিব, হারুনুর রশিদ, মনিরুজ্জামান, নুরুল হুদা, নুরনবী প্রমুখ।
লালমনিরহাটে তামাক সেবন প্রতিরোধ বিষয়ক সভা
লালমনিরহাট প্রতিনিধি \ গত মঙ্গলবার সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও বেসরকারি সংস্থা পিডিও এর আয়োজনে মুখের ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডা, আহসান আলী। বক্তব্য রাখেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন, সাংবাদিক এস,এম শফিকুল ইসলাম, স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।
ঝিনাইগাতীতে অবৈধ কোচিং বন্ধের দাবিতে স্মারকলিপি
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার অবৈধ কোচিং সেন্টার বন্ধের দাবিকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিক সমাজ। উপজেলার সর্বত্রই দীর্ঘদিন থেকে দিনে ও রাতে অবৈধভাবে কোচিং বাণিজ্য চালিয়ে আসছে স্থানীয় শিক্ষকরা। এতে শিক্ষার্থীদের নৈতিক অধপতনের পাশাপাাশি যৌন হয়রানির ঘটনা উল্লেখ্যযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। নিয়ম অনুযায়ী সরকারিভাবে এসব কোচিং বাণিজ্য অবৈধ ঘোষণা করা হলেও এখানে তা মানা হচ্ছে না। এ নিয়ে সচেতন ও অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজ এ স্মারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমি জরুরিভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি।
বরিশালে ৩৩ মণ জাটকাসহ ১৪ জেলে আটক
বরিশাল অফিস \ কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৩৩ মণ ঝাটকা ইলিশ ও ৪টি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। গত মঙ্গলবার সকাল ৭টায় আটক জেলেদের আদালতে নেয়া হয়েছে। উদ্ধার করা মাছ নগরীর এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আনিসুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে কীর্তনখোলা নদীর তালতলী এলাকায় অভিযান চালায় তারা। এসময় ৪টি ট্রলার থেকে ২২ ড্রাম ভর্তি ৩৩ মণ ঝাটকা ইলিশ উদ্ধার করা হয়। ঝাটকা ধরার অপরাধে আটক করা হয় ১৪ জেলেকে।
সেরা প্রতিভাধর ২৫-এ বোয়ালমারীর ইমন
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা \ বে-সরকারি টিভি চ্যানেল বাংলা ভিশন পরিচালিত “কুরআনের আলো-ক্ষুদে প্রতিভার সন্ধানে-২০১৪’ এর সেরা ২৫ এ উঠে এসেছে বোয়ালমারীর হাফেজ মোঃ আসিব হোসেন ইমন। এর আগে জেলা পর্যায়ে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার ইয়েস কার্ড পায় ইমন। গত ২৬ এপ্রিল ঢাকা অনুষ্ঠিত সেরা ২৫ বাছাইয়ে কণ্ঠের শ্রুতি মাধুর্য দিয়ে সারা দেশের ৩২০ জন হাফেজের মধ্যে সে সেরা ২৫ জনের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়। ইমনের বাড়ি উপজেলা সদরের ছোলনা গ্রামে । তার পিতার নাম মোঃ রবিউল ইসলাম। ইমন বোয়ালমারী উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত ছোলনা সালামিয়া হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।
চৌগাছার ত্রাস ১৬ মামলার আসামি আটক
যশোর অফিস \ যশোরের চৌগাছা এলাকার শীর্ষ সন্ত্রাসী মোমিনুর রহমান মমিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে চৌগাছা বাজারের ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। মোমিনুর চৌগাছার কুটিপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এমামুল হাসান টুটুল, বিএনপি নেতা মেম্বর মকবুল, শহিদুল এ ৩টি হত্যাসহ ১৬টি মামলা রয়েছে।
সূত্র মতে, মমিন একজন চিহ্নিত সন্ত্রাসী। গতকাল সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় মাঠ দিবস পালন
সাতক্ষীরা প্রতিনিধি \ কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুরে গত মঙ্গলবার সকালে বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে হাইব্রীড শক্তি-২ ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায়। অনুষ্ঠানে অন্যান্যদের এতে উপস্থিত ছিলেন, আগরদাড়ী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আল মামুন হাওলাদার, শাখা ব্যবস্থাপক গনেশ কুমার কর, কর্মসূচি সংগঠক নাহিদা সুলতানা প্রমুখ।
সিলেটে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ
সিলেট অফিস \ বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ গ্রাহকরা গত মঙ্গলবার। বিকাল সাড়ে ৫টা থেকে প্রায় ১ ঘন্টা অবরোধ চলে। এসময় অবরোধকারীরা টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে ও বিদ্যুতের দাবিতে নানা শ্লোগান দেয়। অবরোধের কারণে সড়কের উভয়পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে লোকজনকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ভুক্তভোগীরা জানান, গত রবিবার রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার পর গতকাল বিকাল পর্যন্ত তা মেরামত না হওয়ায় সিলেট সদর উপজেলার শাহপরান, বাহুবল, সিরাজনগর, নিপোবন এলাকার লোকজন অন্ধকারে রয়েছেন।
বেড়ায় মত্স্য চাষীদের প্রশিক্ষণ কোর্স
বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়ায় ২০১৩-২০১৪ আর্থিক বছরে রাজস্ব খাতের আওতায় মাছ ও চিংড়ি খাদ্যের গুণগতমান, খাদ্য তৈরি ও সংরক্ষণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বেড়া উপজেলা মত্স্য দপ্তরের ব্যবস্থাপনায় গতকাল বুধবার উপজেলা মত্স্য দপ্তরের কার্যালয়ে বিশজন মত্স্য চাষীকে নিয়ে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। এসময় পাবনা জেলা মত্স্য অফিসার আব্দুল জলিল মিয়া এবং উপজেলা মত্স্য অফিসার কামরুল হাসান সরকার উপস্থিত থেকে মত্স্য চাষীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
উখিয়া কলেজে সোলার ল্যাম্প বিতরণ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়া ডিগ্রী কলেজে ছাত্র/ছাত্রীদের মধ্যে সোলার বিতরণ করলেন কলেজ অধ্যক্ষ এম ফজলুল করিম। গতকাল বুধবার সোলার ল্যাম্প বিতরণকালে তিনি বলেন, বিদ্যুত্ না থাকলেও অন্ততপক্ষে ৩/৪ ঘন্টা এ সোলার ল্যাম্পের সাহায্যে লেখা-পড়াসহ প্রয়োজনীয় কাজ-কর্ম সমাধান করা যাবে। দিনেরবেলায় এ সোলার ল্যাম্প সূর্যের আলো থেকে আপনা-আপনি চার্জ হয়ে রাত্রে আলো বিতরণ করবে। শিক্ষক-কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে সোলার ল্যাম্প সরবরাহের জন্য তিনি ইউএনএইচসিআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সোলার ল্যাম্প বিতরণকালে কলেজের সহকারী অধ্যক্ষ আবদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে আইনজীবী ফোরামের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি \ দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষকে খুন, গুম ও অপহরণের প্রতিবাদে এবং এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে গতকাল বুধবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ তাফছির হোসেন, সাবেক সভাপতি বিইউএম কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী কবির আহমেদ ও ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
কটিয়াদীতে নারী ফোরামের সমাবেশ
কটিয়াদী(কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে নারী ফোরামের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল। সমাবেশে বক্তব্য রাখেন ব্র্যাক জেলা ব্যবস্থাপক গৌতম চক্রবর্তী, ব্র্যাক কর্মী আমেনা খাতুন, ইত্তেফাক সংবাদদাতা ব্রজ গোপাল বণিক, ব্র্যাক নারী ফোরামের সভাপতি আফসানা আশরাফি বাবলী, ইউপি সদস্য হাজেরা বেগম।
স্বরূপকাঠিতে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ উপজেলার স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবক সদস্যপদে মো. গোলাম কবির ৫৬৪ ভোট, মো. মাহমুদুর রহমান খান ৪৬৭ ভোট, মো. হেদায়েতুল ইসলাম ৪২৪ ভোট, মো. নাসির আহম্মেদ ৩৫১ ভোট এবং জেসমিন আক্তার (মহিলা সদস্য) ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ওয়ালিদ প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতিসহ ৩ জন আহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহীনসহ ৩ জন আহত এবং নগদ টাকা, ল্যাপটপ ছিনতাই হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টায় সাংবাদিক আল আমীন শা্হীন, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি নূরুল হুদাসহ ৩ জন ঢাকা থেকে তূর্না-নিশিথা ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছে রিকশায় শহরের পৈরতলায় বাড়িতে যাওয়ার পথে গোকর্ন সড়কের সরকারপাড়া এলাকায় ছিনতাইকারীরা হামলা চালায়। এতে ৩ জন গুরুতর আহত হয়। এসময় তাদের সাথে থাকা ১৮ হাজার টাকা ও একটি ল্যাপটপ ছিনতাই করে নিয়ে যায়। আহত ৩ জনকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
উখিয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
উখিয়া(কক্সবাজার)সংবাদদাতা\ পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় দৈনিক সমকালের উখিয়া সংবাদদাতা মুহাম্মদ হানিফ আজাদ গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১১টায় পশ্চিম দরগাহবিল এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত সাংবাদিককে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উখিয়া প্রেসক্লাব। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইতিপূর্বে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় পশ্চিম দরগাহবিল গ্রামের মৃত আমির হোসেনের পুত্র নুরুল হক সাংবাদিক হানিফ আজাদকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছিল। বিষয়টি উখিয়া থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আদালতে ও থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনায় রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণসামগ্রী বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জরুরি ভিত্তিতে ৪শ’ তাঁবু, ৪শ’ জ্যারিকেন এবং ৫ হাজার টাকার সমমূল্যের ২শ’ ফ্যামিলি কিট্স প্রদান করেছে। নেত্রকোনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু এই প্রতিনিধিকে গতকাল বুধবার জানান, যে সমস্ত এলকায় ঝড়ে বেশি ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকায় ত্রাণসমাগ্রী গতকালই সকালে পাঠানা হয়েছে। আরো সাহায্যের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট লিখিত আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে সংঘটিত ঘূর্ণিঝড়ে ১০ জন নিহত এবং ২ শতাধিক আহত এবং ৮ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়।
বামনায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল বুধবার উপজেলা কমান্ডার পদে মো. জয়নাল আবেদীন খান, ডেপুটি কমান্ডার পদে তোফায়েল আহম্মেদ, ইউনিট কমান্ডার পদে মো. মোতালেব হোসেনসহ মোট ১১টি পদের বিপরীতে একটি প্যানেল মনোনয়ন পত্র জমা দিয়েছে।
বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে গতকাল বুধবার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা, ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, এসিল্যান্ড মুহা. শওকাত আলী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ এশারত, ওসি ইনচার্জ ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে বক্তব্য রাখেন।
