ভ্রমণ বিনোদনের পেশা ট্যুর গাইড

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৪৩
বর্তমান সময়ে নানা ধরনের পেশাতেই ক্যারিয়ার গড়ছে তরুণরা। প্রচলিত ডাক্তার, ইঞ্জিনিয়ারদের গণ্ডি পেরিয়ে এখন বৈচিত্র্যময় অনেক পেশাই হয়ে উঠছে তারুণ্যের আগ্রহের স্থল। ঠিক এই ধরনেরই একটি পেশার নাম ট্যুর গাইড। বিশেষ করে যারা ভ্রমণ করতে পছন্দ করেন এবং দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি পেশা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ট্যুরিজমের বিকাশ এই পেশাকেও সম্ভাবনাময় করে তুলেছে। এই পেশা সম্পর্কেই এই লেখায় জানাচ্ছেন আফরিন জাহান বাংলাদেশে প্রায় ২২০০ ট্রাভেল এজেন্সি রয়েছে। এই শিল্পে কাজ করে চলেছে অসংখ্য উদ্যমী তরুণ। অন্যান্য সাধারণ চাকরির চেয়ে ট্রাভেল এজেন্সিতে চাকরির কর্মপদ্ধতি ভিন্নধর্মী হয়ে থাকে। ট্রাভেল এজেন্সির কাজের ধরণ এবং ব্যবসায়িক পরিধির উপর নির্ভর করে এক একটি ট্রাভেল এজেন্সির কাজের পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশে ২২০০টি ট্রাভেল এজেন্সির মধ্যে শুধুমাত্র ঢাকা শহরেই রয়েছে প্রায় ১৪০০টি ট্রাভেল এজেন্সি এবং ট্রাভেল এজেন্সির সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সি বাংলাদেশ (এটাব)। ট্রাভেল এজেন্সির আকার এবং কাজের পরিধির উপর নির্ভর করে ছোট বা মাঝারি ট্রাভেল এজেন্সিতে ১৫ থেকে ২০ জন এবং বৃহত্ কর্মকাণ্ড পরিচালনাকারী ট্রাভেল এজেন্সিতে ৫০ থেকে ৮০ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী কাজ করে থাকে। বাংলাদেশে ট্রাভেল এজেন্সির প্রশিক্ষণ অনেক প্রতিষ্ঠানই প্রদান করে থাকে। তবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বিমান বাংলাদেশ কর্তৃক প্রদেয় ট্রেনিং প্রোগ্রামটি একজন ব্যক্তিকে ট্রাভেল এজেন্সির শিল্পে দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে থাকে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে এই পেশা সংশ্লিষ্ট প্রশিক্ষণটির নাম হলো, ‘ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেটর’। ১৮ সপ্তাহব্যাপী এই কোর্সটি করতে একজন ব্যক্তিকে ন্যূনতম এইচএসসি উত্তীর্ণ হতে হবে। ট্রাভেল এবং ট্যুরিজ্যম সেক্টরে একজন ব্যক্তিকে যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এই কোর্সের মাধ্যমে যোগ্য হিসেবে গড়ে তোলা হয়। এই প্রশিক্ষণ কোর্সে যেসব বিষয়ে শিক্ষা দেওয়া হয় তার মধ্যে রয়েছে—  আন্তর্জাতিক ট্রাভেল জিওগ্রাফি সম্পর্কে ধারণা প্রদান  বিভিন্ন ট্যুরের খরচ সম্পর্কে যথোপযুক্ত ধারণা প্রদান  কীভাবে ট্যুর অপারেশনের সময় টুরিস্টদের মূল্যায়ন করা উচিত সে বিষয়ে আলোকপাত করা  বিভিন্ন ট্রাভেল এজেন্সির কার্যপদ্ধতির সাথে পরিচিতকরণ  ট্রাভেল ম্যানুয়েলের ব্যবহার শেখনো  টিকেটের মূল্য এবং কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া।  যাত্রার স্থান এবং রিজার্ভেশন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান  কম্পিউটার ও ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ  টিকিট রিজার্ভেশন অফিসারের ইন্টার্যাক্টিভ স্কিল উন্নিতকরণ  ট্রাভেল এজেন্সির অপারেশন এবং ম্যানেজমেন্ট সম্পর্কে স্বচ্ছ এবং বিস্তারিত ধারণা প্রদান ট্রাভেল এজেন্সির সাথে সংশ্লিষ্ট যেসব পদে পেশা গড়ে উঠতে পারে তার কিছু সম্পর্কে নিচে তুলে ধরা হলো। টিকিট রিজার্ভেশন অফিসার :টিকিট রিজার্ভেশন অফিসারের বেতন ও অন্যান্য সুবিধা ট্রাভেল এজেন্সির আকার এবং ব্যবসার পরিধির উপর নির্ভর করে। তবে সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করে যেসব ব্যক্তি ট্রাভেল এজেন্সিতে টিকিট রিজার্ভেশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করে, তারা প্রতিষ্ঠানভেদে ৫-১৫ হাজার টাকা বেতন পেয়ে থাকে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএটিএ ট্রেনিং সম্পন্নকারী ব্যক্তিরা এক্ষেত্রে যেকোনো এয়ারলাইন্সে টিকিট রিজার্ভেশন কাজে যুক্ত হলে সেক্ষেত্রে বেতনের পরিমাণ দাঁড়ায় ১৫-৫০ হাজার। তবে এক্ষেত্রে প্রার্থীকে অবশ্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ট্যুর ম্যানেজার :প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো স্থানে ট্যুর পরিচালনার সম্ভাব্যতা যাচাই, প্ল্যানিং, খরচ এবং লিয়াজো মেইন্টেন করা ট্যুর ম্যানেজারের দায়িত্ব। ট্যুর ম্যানেজার ট্যুরে অংশ নেন না। কিন্তু ট্যুরের সমস্ত লাভ-লোকসানের দায়িত্ব তাকে বহন করতে হয়। প্রতিষ্ঠানভেদে ট্যুর ম্যানেজারের বেতন ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ট্যুর অপারেটর :ট্যুর অপারেটরের দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের ঘোষিত প্যাকেজ ট্যুরের সাথে সম্পৃক্ত থাকা। একজন ট্যুর অপারেটরের ট্যুর সংক্রান্ত যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার ক্ষমতা থাকতে হয়। ন্যূনতম গ্র্যাজুয়েশন সম্পন্নকারী যে কেউ এ পেশাতে আসতে পারে। বেতন প্রতিষ্ঠানভেদে ৭ থেকে ২০ হাজার টাকা। ট্যুর গাইড :পদের নামের সাথেই এই পেশার কাজের পরিধি চিহ্নিত করা যায়। মূলত ট্যুর পরিচালনার সময় ট্যুর গাইডকে ট্যুরিস্টদের বিভিন্ন আকর্ষণীয় স্থানে নিয়ে যাওয়া হয় এবং সে স্থানের ইতিহাস এবং বৈশিষ্ট্য বিশদভাবে জানাতে হয়। এই পেশাতে আসতে হলেও ন্যূনতম গ্র্যাজুয়েট এবং ইংরেজিসহ অন্য যেকোনো বিদেশি ভাষার উপর দখল থাকা আবশ্যক। ভৌগলিক জ্ঞানেও পারদর্শী হতে হয়। প্রতিষ্ঠানভেদে এই পেশাতে ৫-১৫ হাজার টাকা বেতন প্রদান করা হয়। সেলস এক্সিকিউটিভ :ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্প্রসারণ ও অবস্থান উন্নত করতে কাজ করে এই পেশাদার। লক্ষ্যমাত্রা অনুযায়ী কোম্পানির প্রয়োজনে গ্রাহকদের সাথে সমন্বয় করাই তাদের কাজ। এই পেশাতে আসতে হলে একজন ব্যক্তিকে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে এবং শুদ্ধ ভাষায় কথা বলতে সক্ষম হতে হবে। বেতন প্রতিষ্ঠানভেদে ৫ থেকে ১০ হাজার টাকা।