গার্মেন্ট সেক্টরে ক্যারিয়ার গড়তে দীর্ঘদিন যাবত্ কাজ করছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই), যাদের রয়েছে গার্মেন্ট সেক্টরের চাকরিরত অভিজ্ঞ শিক্ষক, যারা হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ প্রদান করে থাকেন। আর এই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দিয়ে বাংলাদেশ গার্মেন্ট সেক্টর থেকে প্রতিবছর হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন করে চলেছে। এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। এই প্রতিষ্ঠানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর ওপর ১ বছর ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। ১ বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে এবং ৬ মাসের কোর্স সম্পন্ন করতে সাড়ে ১২ হাজার টাকা খরচ হবে। ৮৯২১২৯৫, ০১৯১১৫৬২৬৭৭ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখার খরচ ও অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন।
পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজাম্পশন ইত্যদি সম্পর্কে বিস্তারিত শেখানো হয়। শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষনার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন বাস্তবক্ষেত্রে তারা নিজেদের জড়তা কাটিয়ে একজন দক্ষ প্রফেশনাল হিসেবে গড়ে উঠতে পারে। বিজিএমআই প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্ট বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেমন—ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশন-টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সাটইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনোলজি, টেক্সটাইল টার্মিনোলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। যারা এসব বিষয়ে পড়ালেখা শেষ করেছে এবং যাদের রয়েছে চাকরির অভিজ্ঞতা, তারাই এখানে শিক্ষা প্রদানের কাজটি করে থাকে। এসব বিষয়ে প্রশিক্ষণের পর গার্মেন্ট সেক্টরে, বুটিক হাউজগুলোতে চাকরি করাসহ একজন শিক্ষার্থী নিজে নিজেই ব্যবসা করার সুযোগও পাবে। প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই’র সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ লোকবলের প্রয়োজন হয়। তাই এর চাহিদা কখনও শেষ হবে না।’ প্রতিষ্ঠানের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, তিনি বিজিএমআইকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান যেন শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়তে আরও উত্সাহ পায় এবং গার্মেন্ট সেক্টরকে আরও সমৃদ্ধ করতে পারে। ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি/সমমান এবং যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পরবর্তী ব্যাচের জন্য ভর্তি চলছে।
যোগাযোগ :বাড়ি-০৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।
