পৃথক স্থানে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ছাগলনাইয়া বিধবার বাড়িতে অগ্নিসংযোগ
ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামে গত বুধবার রাতে এক বিধবা ও তার পিতার একটি স’মিল, ১৬টি দোকান ও বসতঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে উত্তর কুহুমা গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী রাহেলা আক্তার কাজল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কাজলের মা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী কোহিনুর মেম্বার জানান, একটি মহল তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চায়। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈরে ১০ দোকানে অগ্নিকাণ্ড
গাজিপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া-জালশুকা আঞ্চলিক সড়কের বড়ইছুটি এলাকায় বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে মালামালসহ ১০টি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে। এখানে আবু সাইদ মার্কেটের একটি কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ওই মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান।
বান্দরবানে ১০ বাড়িতে অগ্নিকাণ্ড
বান্দরবানে আগুনে পুড়ে গেছে ১০টি বসতবাড়ি এবং ৩টি দোকান। এসময় আগুন নেভাতে গিয়ে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোররাতে জেলা শহরের উজানীপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে এই দুর্ঘটনা ঘটে। জেলা শহরের উজানীপাড়ায় মুন্ডি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে গেছে পাহাড়ীদের ১০টি বসতবাড়ি এবং ৩টি দোকান। এছাড়াও পার্শ্ববর্তী আরো কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
