আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে গত বৃহস্পতিবার ফরিদপুরের সালথায় দুই স্থানে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার মাঝারদিয়া ও আলমপুর গ্রামে এ সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় উভয় স্থানে অন্তত ৩০টি বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় উত্তেজিত জনতা।
আধিপত্য বিস্তার নিয়ে মাঝারদিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আজিজল হক ও সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৮০ ব্যক্তি আহত হয় এবং সেলিমের বাড়িসহ ১৫টি বাড়িতে ব্যাপক ভাংচুর, লুটতরাজ চালান হয়। আহতের মধ্যে আবুল কালামের (৪০) অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বল্লভদী ইউনিয়নের আলমপুর গ্রামে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ও ইউপি বিএনপির সহ-সভাপতি চুন্নু মাতুব্বরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির সমর্থকদের কয়েকটি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় নুরুল ইসলামের লোকজন। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের ফরিদপুর ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় স্থানের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে মাঝারদিয়া গ্রামে সংঘর্ষের সময় কয়েকটি টিয়ারসেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
