বিভিন্ন স্থানে সাতজন খুন

আপডেট : ০২ মে ২০১৪, ২১:২৭
গত বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ৭ জন খুন হওয়ায় খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এবং সংবাদদাতারা। পাকুন্দিয়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুুলিশ (আজ) শুক্রবার সকালে মঠখোলা-মির্জাপুর সড়কে নামা জামালপুর গ্রামের রাস্তার উত্তর পার্শ্বের কলাবাগান থেকে এক ব্যক্তির (৩০-৩২) মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। শুক্রবার সকালে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ওসি জাকির রাব্বানী ও অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুক্তাগাছায় ভ্যান চালকের লাশ উদ্ধার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের বাদে কলমহোনা গ্রামের একটি ধান ক্ষেত থেকে শুক্রবার সকালে আবুল কালাম (৪৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । পুলিশ ও এলাকাবাসীর ধারণা শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ফেলে রাখা হয়। আবুল কালাম ঐ গ্রামের মৃত হাছেন আলীর পুত্র। কালামের পুত্র মারুফ জানান , গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি তার পিতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর তিনি বাড়ি ফিরেননি। বাসাইলে যুবকের লাশ উদ্ধার টাঙ্গাইলের বাসাইলে গত বৃহস্পতিবার করাতিপাড়া কবর স্থানের পাশ থেকে সবুজ (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে নিহত সবুজ শিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাবেদ খন্দকারের ছেলে। বাসাইল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, করাতিপাড়ার জোরান মিয়ার পোল্টি ফার্মের কর্মচারী। সবুজের মৃত্যুর কারণ জানা যায়নি। ভেড়ামারায় যুবকের লাশ উদ্ধার কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আরিফ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বামুনপাড়ার একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, আরিফ পেশায় একজন ডাব ব্যবসায়ী। বুধবার রাতে ডাব ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে যাননি। গৌরনদীতে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বেজহার গ্রামে বৃহস্পতিবার পনির হোসেন বাবু (২০) নামের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টাকালে বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় এনে। শুক্রবার সকালে মর্গে প্রেরণ করা হয়। নিহত বাবু বরিশাল ইনফ্রা পলিটেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বেজহার গ্রামের সৌদী প্রবাসী জালাল সিকদারের পুত্র। নিহতের মা পারভীন বেগম জানান, তার ছেলে হূদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে গৌরনদী হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। গৌরনদী হাসপাতালের ডাঃ দেওয়ান আব্দুস সালাম জানান, বিষপান করা পনিরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতলে প্রেরণ করা হয়। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, পনির হোসেন বাবুকে হত্যা করে মুখে বিষঢেলে দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কলেজ ছাত্র পনিরের বাবা দীর্ঘদিন যাবত্ প্রবাসে থাকে। তার মায়ের কোন অনৈতিক কর্মকাণ্ড দেখা ফেলায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কালকিনিতে স্ত্রী খুন মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব দর্শনা গ্রামের সিতু পাল (২২) নামের এক গৃহবধূ। গত বৃহস্পতিবার সকালে খুন হয়েছে। খুনের পর থেকে স্বামী অংকুর পাল ও তার পরিবারের লোকজন বাড়ী থেকে পালিয়ে গেছে।