সাঁথিয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৮
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা \ সাঁথিয়া পল্লীতে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের মৃত কেরামতের দুই ছেলে হাবিবুর রহমান ও মাজেমের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে হাবিবুর রহমান (৬০), স্ত্রী খোদেজা (৫৫), ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও হেলাল (৩০), ভাই মাজেম (৫২), মাজেমের ছেলে আমিরুল (২৫), কামরুল (২০), আনার (১৮) আহত হয়।
শ্যামনগরে ঈশ্বরীপুর ইউপির বাজেট ঘোষণা
সাতক্ষীরা প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বংশীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জিএম সাদেকুর রহমান সাদেম। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী।
লালপুরে জামায়াত শিবিরের হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান
লালপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোর লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজারে জামায়াত শিবিরের হামলায় দোকান ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষে আহতদের মাঝে বৃহস্পতিবার অনুদানের নগদ টাকা বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। লালপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুবলীগের সভাপতি আসম মাহমুদুল হক মকুল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক বাবুল আকতার প্রমুখ।
মামলা প্রত্যাহারের দাবিতে তাহিরপুরে মানববন্ধন
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ দৈনিক মানবকণ্ঠ ও মাইটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোজাম্মেল আলম ভুঁইয়ার ওপর এসিড নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে তাহিরপুরে মানববন্ধন এসিড নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে তাহিরপুরে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। বুধবার উপজেলা সদরের চাল বাজারে মানববন্ধন শেষে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাহিদউদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আলী মর্তুজা, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আল-হেলাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি খেলু মিয়া, শীর্ষ নিউজ ও অর্থনীতি প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজু আহমেদ রমজান প্রমুখ। উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে তাহিরপুর উপজেলার কামরাবন্দ গ্রামের সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের ১০ বছরের শিশুপুত্র শিহাব সারোয়ার শিপুর উপর এসিড নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিপক্ষ সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়াকে আসামি করে তাহিরপুর থানায় এসিড মামলা দায়ের করে মামলার বাদী সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ।
চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারে সাহায্য প্রদান
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাশিডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি হিন্দু পরিবারের মাঝে সাহায্য প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে চরভদ্রাসন বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে গঠন করা তহবিল থেকে প্রতিটি পরিবারকে নগদ ৮,৫৫০ টাকা ও একটি করে লুঙ্গি দেয়া হয়। ঐদিন একই সময় চরভদ্রাসন বাজার কাঠ ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৬ পিস ঢেউটিন প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন উপস্থিত থেকে পরিবারগুলোর সদস্যদের হাতে এ সকল অনুদান তুলে দেন।
লাকসামে দেশ ভ্রমণ প্রা. লি.’র আঞ্চলিক অফিস উদ্বোধন
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা লাকসামে বৃহস্পতিবার হজ্ব ও ওমরাহ এজেন্ট ‘দেশ ভ্রমণ প্রা.লি.’র আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। জংশন হালিমা টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মৌকারা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা নেছারউদ্দিন ওয়ালিউল্লাহী। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. আবু তাহেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুফতি ওসমান গণি ছালেহী, পীরজাদা আবু জাফর মো. মাসউদ। এতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আহসানুল করিম আল আজহারী, কুমিল্লা আলিয়া মাদরাসার মুফতি মাওলানা মোস্তাক আহমেদ।
মনোহরগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক কর্মশালা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা মনোহরগঞ্জে ১৫ দিনব্যাপী প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার উপজেলার লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিযুক্ত ২৫ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটির আয়োজন করে উপজেলা রিসোর্স সেন্টার। প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ও কুমিল্লা জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিব উদ্দিন।
বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল পুটখালী সীমান্তের দক্ষিণ বারপোতা এলাকা থেকে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান স্যুটার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, অস্ত্র চোরাচালানীরা ভারত থেকে অস্ত্র এনে একটি বাড়িতে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল বৃহস্পতিবার সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের দক্ষিণ বারপোতায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান স্যুটার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শিবগঞ্জে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা
শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটিতে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাণীহাটি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে রাণীহাটি সাধারণ পাঠাগার। প্রতিযোগিতায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ২৭০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী। গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের পরিচালক যুগ্ম সচিব মজিবুর রহমান, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতির সভাপতি প্রকৌশলী মাহতাব উদ্দিনসহ অন্যরা।
বানারীপাড়ায় টেম্পো চালক ইউনিয়নের কমিটি গঠন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় পৌর শ্রমিকলীগ ও মিরেরহাট অটোরিক্সা ও অটো টেম্পো চালক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মে দিবসের আলোচনা সভায় আবুল কালাম বেপারীকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেন হাওলাদারকে সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট পৌর শ্রমিকলীগের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ওই কমিটি ঘোষণা করেন।
দশমিনায় মাকে নির্যাতনের মামলায় ছেলে হাজতে
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাকে ছেলে ও বউয়ের নির্যাতনের মামলায় বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছেলেকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। উপজেলার রণগোপালদি ইউনিয়নের মৃত চন্দন হাওলাদারের স্ত্রী হালিমা খাতুন গত বছরের সেপ্টেম্বর মাসে ধার দেয়া ৩২ হাজার টাকা চাইতে গিয়ে চলতি বছরের ১৪ মার্চ ছেলে সাইফুল ও পুত্রবধূ ইশরাত জাহানের পাশবিক নির্যাতনের শিকার হয়। ছেলে-বউয়ের নির্যাতনে গুরুত্বর আহত হালিমা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিত্সা নিয়েছেন। এ ঘটনায় মা হালিমা খাতুন বাদী হয়ে ১৯ মার্চ দশমিনা সিনিয়র জুডিসিয়াল আদালতে ছেলে সাইফুল ও পুত্রবধূ ইশরাত জাহানকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমীন মাতুব্বর ছেলে সাইফুল ইসলামকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তরমুজে ফরমালিন দেয়ায়
মেহেরপুরে ২ জনের দণ্ড
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ফলের দোকানে অভিযান চালিয়ে তরমুজে ফরমালিন মেশানোর অভিযোগ প্রমাণ হওয়ায় ২ ব্যবসায়িকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে বুধবার শহরের হোটেল বাজার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় তরমুজে ফরমালিন মেশানোর অভিযোগ প্রমাণ হওয়ায় ব্যবসায়ী আমানুল ও আশানকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মীর্জাগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল শুক্রবার মীর্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় উপজেলার মাধবখালী ইউনিয়নের চৈতা বাজারে নয়াকাটা খালের উপর সরকারি জায়াগায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আবু সাঈদ মোল্লার নেতৃত্বে সকাল দশটায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সকল অবৈধ স্থাপনার মধ্যে একটি টিনশেড পাকা দোকানঘরসহ ৭টি কাঁচা-পাকা দোকানঘর রয়েছে। এ ব্যাপারে ইউএনও জানান, উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও সড়কে সরকারি সম্পত্তির উপর নির্মিত দোকানপাটসহ সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
শাহজাদপুরে গ্রাম ডাক্তারদের মত বিনিময় সভা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যা্ণ সমিতি শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে বিসিক বাসস্ট্যান্ড মনি কমপ্লেক্স শাহজাদপুর মেডিক্যাল ইনস্টিটিউট হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার মুন্সী আব্দুস সালাম। বক্তব্য রাখেন শাহজাদপুর মেডিক্যাল ইনস্টিটিউটের পরিচালক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যা্ন মৌসুমী সরকার বাবলা।
মুরাদনগরে শিক্ষকের বিদায় সংবর্ধনা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা মুরাদনগর আন্দিকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদিরকে গতকাল শুক্রবার আন্দিকুট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, ইউ.আর.সি ইনস্ট্রাক্টর রুহুল আমিন ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সৈয়দ সাইদুল হাসান সোহেল, দাতা সদস্য সৈয়দ নাসিম মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা আবুবকর সিদ্দিক, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হক শিকদার, আহসানুজ্জামান, মাদরাসার সুপার কাউছার আলম মজুমদার, সামসুল হক কলেজের প্রভাষক জয়নাল আবেদীন প্রমুখ।
ভাঙ্গুড়ায় জেএসসি পরীক্ষায় আইডিয়াল স্কুল শীর্ষে
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ জেএসসি পরীক্ষায় সর্বাধিক সংখ্যক বৃত্তি পেয়ে ভাঙ্গুড়া উপজেলার শীর্ষে স্থান পেয়েছে মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুল। ট্যালেন্টপুলে ৫জন ও সাধারণ গ্রেডে ১০জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ গোলাম মোস্তফা ও ডাঃ মমতাজ খানম ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানান, ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীরা ভালো ফল করে আসছে। শিক্ষার্থীরাও এই ফলাফলে খুশি।
চিতলমারীতে শিক্ষক সমাবেশ
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের চিতলমারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চিতলমারী এস এস মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষক সমিতি চিতলমারী উপজেলা শাখা এ সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল। শিক্ষক সমিতির আহবায়ক রমেন্দ্র নাথ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নিত্য গোপাল বিশ্বাস, কৃষ্ণপদ মহলী, নিখিল চন্দ্র হাজরা, জিন্নাত আলী মীর, গোলাম ফারুক বুলু, মো. সোয়েল মোল্লা, ঝিমি মন্ডল ও মোস্তফা খান।
কুবিতে সাংবাদিক সমিতির যাত্রা শুরু
কুবি (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সাংবাদিক সমিতির প্রথম কার্যকরী সভার মাধ্যমে এ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিক সমিতির নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী কমিটি। রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি পদে এম আহসান হাবীব (যায়যায়দিন) এবং সাধারণ সম্পাদক পদে রবিউল হক রবি (মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামে ২ ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের জেল
চট্টগ্রাম অফিস \ আইএফআইসি ব্যাংকের ২৫ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাতের দায়ে ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ পাঁচজনকে পাঁচ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এসএম আতাউর রহমান এ রায় দিয়েছেন। দণ্ডিতরা হলেন, আইএফআইসি ব্যাংকের টেরিবাজার শাখার অফিসার ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ফয়েজ আহমেদ, গ্রেড ১ অফিসার শফিউল আজম, ব্যবসায়ী আবু জাফর, আব্দুল আজিজ ও মোদাচ্ছের হোসেন। দণ্ডিত আসামিরা সবাই পলাতক রয়েছেন।
আদমদীঘিতে যুব ঐক্য পরিষদের কমিটি গঠন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বৃহস্পতিবার বগুড়া আদমদীঘিতে যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করেন। কমিটি গঠন উপলক্ষে যুব ঐক্য পরিষদ কার্যালয়ে ফেরদৌস হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ফেরদৌস হোসেন সভাপতি, কামরুল ইসলাম বুলু সহ-সভাপতি, এনামুল হক চৌধুরী সুমন সাধারণ সম্পাদক, রাইসুল ইসলাম জুয়েল সহ-সাধারণ সম্পাদক ও মুকুল হোসেন সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম পিন্টুকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
চৌহালীতে জেএসসি পরীক্ষায় বেতিল হাই স্কুল শীর্ষে
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চল চৌহালীতে জেএসসি পরীক্ষায় বৃত্তিতে উপজেলার মধ্যে বেতিল হাই স্কুল শীর্ষে রয়েছে। বুধবার আনুষ্ঠানিক ফলাফলে চৌহালী উপজেলায় ২৮জন বৃত্তি পেয়েছে। সাধারণ গ্রেডে ২০ এবং ট্যালেন্টপুলে ৮ জন। এর মধ্যে বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে। এছাড়া উপজেলার এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ৫ জন, এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন এবং চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১ জন বৃত্তি পেয়েছে।
নরসিংদীতে ভেজাল বিরোধী শোভাযাত্রা
নরসিংদী প্রতিনিধি \ নরসিংদীতে ফরমালিন এবং ভেজাল বিরোধী এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শেষ হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্ত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের নেতৃত্বে এতে অংশ নেন নরসিংদী সরকারী কলেজের অধ্যাপক আমির হোসেন, এনডিসি মাহবুবুল করিম, সাংবাদিক নিবারণ রায়, হাবিবুর রহমান হাবিব, মাখন দাস, বদরুল আমিন চৌধুরী, মোস্তফা কামাল সরকারসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, শহরের ফল ব্যবসায়ী সমিতি, জেলা স্কাউট দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। পরে সাংবাদিক সম্মেলনে নরসিংদী জেলা প্রশাসক বলেন, খাদ্যদ্রব্যে ভেজাল প্রদানকারীকে কঠোর হস্তে দমন করা হবে।
