ফেসবুকে পরিচয় গোপন করে লগ-ইনের সুবিধা

আপডেট : ০৩ মে ২০১৪, ২০:০৯
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এবার যুক্ত করা হলো ফেসবুক ব্যবহারকারীর পরিচয় গোপন করে লগ-ইন করার সুবিধা। ফেসবুকের এফ৮ সম্মেলনে নতুন এই ফিচারটির ঘোষণা প্রদান করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা প্রধান মার্ক জুকারবার্গ। সাম্প্রতিক সময়ে যখন অনলাইনে তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রযুক্তি বিশ্ব, তখন ফেসবুকের নতুন এই ফিচারটি সাড়া ফেলেছে বিশ্বব্যাপী। সানফ্রান্সিসকোতে ফেসবুকের বার্ষিক ডেভেলপার কনফারেন্স এফ৮-এ ফেসবুক বরাবরই নতুন কোনো চমক নিয়ে হাজির হয়। এরই প্রেক্ষিতে এবারে জুকারবার্গ এই ফিচারটি নিয়ে হাজির হয়েছেন। সাধারণভাবে ফেসবুকে লগ-ইন করার জন্য ফেসবুক ব্যবহারকারীকে সব ধরনের ব্যক্তিগত তথ্য দিয়েই প্রবেশ করতে হয়। কিন্তু নতুন এই ফিচারে ব্যক্তিগত কোনো তথ্য না দিয়েই সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে। ফলে অনলাইনে তথ্য শেয়ার না করেও সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি ব্যবহার করা যাবে খুব সহজেই। এফ৮ সম্মেলনে জুকারবার্গ জানান, খুব সহজেই মানুষ কীভাবে প্রযুক্তির সকল সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবে তা নিয়ে তারা বরাবরই সচেষ্ট। আর তারই একটি প্রচেষ্টা হিসেবেই নতুন এই ফিচারটি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে একে ব্যবহারের উপযোগী করে তুলেছে ফেসবুক। তিনি বলেন, ‘দ্রুত এগিয়ে যাওয়া এবং সকল বাধা অতিক্রম করার মন্ত্রে আমরা বিশ্বাস করি। আর আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে মূলত মানুষ।’ জুকারবার্গ আরও জানান, তিনি এবং ফেসবুকের অন্যান্য কর্মীরা নিরলসভাবে ফেসবুককে মানুষের জনপ্রিয়তার তালিকায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন। ফেসবুক ব্যবহারকারীরা কী পছন্দ করেন বা কী পছন্দ করেন না, সেসব নিয়েই তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। পরিচয় গোপন রেখেই ফেসবুকের লগ-ইনের সুবিধা অবশ্য প্রাথমিকভাবে মোবাইল প্ল্যাটফর্মের জন্যই উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানান জুকারবার্গ। বেশি বেশি মোবাইল ব্যবহারকারী যাতে ফেসবুক ব্যবহারে উদ্বুদ্ধ হয়, সেই লক্ষ্য নিয়েই এই ফিচারটি চালু করা হয়েছে। যারা সচরাচর অনলাইনে নিজেদের তথ্য শেয়ার করতে চান না, তাদের জন্য এটি বড় একটি সুযোগ হয়ে এসেছে বলেই জানান জুকারবার্গ। এ ছাড়া ফেসবুকের মোবাইল অ্যাপসে সাধারণত অ্যাপস নিজেই বলে দেয় ব্যবহারকারীর কোন কোন তথ্য শেয়ার করতে হবে। নতুন ফিচারে ব্যবহারকারী নিজেই নির্বাচন করতে পারবে সে কোন কোন তথ্যগুলো শেয়ার করতে চায় কিংবা কোনো তথ্য আদৌ শেয়ার করতে চায় কি না। মূলত ফেসবুকের ডেভেলপাররাই এই ফিচারটি প্রাথমিকভাবে ব্যবহার করতে পারবেন। পরে সকলের জন্য এটি উন্মুক্ত করা হবে।