চেলসিতেই যাচ্ছেন কস্তা

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:০৬
দিয়েগো কস্তা চেলসিতে যোগ দিতে সম্মত হয়েছেন। জানা গেছে ট্রান্সফার ফি ও বেতন মিলিয়ে তার চুক্তিটি সাড়ে সাত কোটি পাউন্ডের। কস্তার পেনাল্টিতে অ্যাটলেটিকো মাদ্রিদ লন্ডনে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে হারায়। এর ২৪ ঘন্টার মধ্যেই লন্ডনে স্পানিশ খেলোয়াড়টির আসন্ন মৌসুমের জন্য দলবদলের বিষয়টি চূড়ান্ত হলো। চেলসি খেলোয়াড়টির জন্য প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড দেবে। যদিও ট্রান্সফার ফির একটা বড় অংশ যাবে এজেন্টের ফি বাবদ। ধারণা করা হয় অ্যাটলেটিকোর চাইতে তিনগুণ বেশি বেতন পাবেন ২৫ বছর বয়সী কস্তা। এস্তাদিও ভিচেন্তে ক্যালডেরোনে তিনি মাসে ৫০ হাজার পাউন্ড পেতেন। এখন চেলসি তাকে সপ্তাহে দেড় লাখ পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে দলভুক্ত করছে। গোলডটকম এসব তথ্যাদি জানায়। ব্রাজিলে জন্ম নিলেও গেল বছর স্পেনকে জাতীয় দল হিসেবে বেছে নেয়া কস্তা চলতি মৌসুমের শেষে এবং বিশ্বকাপে যাওয়ার আগেই চুক্তিটি করবেন বলে আশা করছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। স্পেন ২০১০ সালে জেতা বিশ্বকাপের শিরোপা রক্ষায় ব্রাজিলে এ বছরের জুনে শুরু হতে যাওয়া রাজসূয়া আসরটির পরবর্তী আসরে যোগ দেবে। খেলোয়াড়টি অবশ্য এখনো সরাসরি কিছু বলেননি। গত বুধবার রাতে অ্যাটলেটিকোর জয়ের পর কস্তা শুধু জানান যে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর কাছ থেকে তিনি বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছেন। তবে আপাতত নিজের ভবিষ্যত্ নিয়ে মাথা না ঘামিয়ে বরং অ্যাটলেটিকোর ‘ডাবল’ জয়ের ব্যাপারেই মনোনিবেশ করবেন তিনি। অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে এপ্রিলেই তার নতুন ক্লাবে যাওয়ার পথ সুগম করে দেন। কেননা আর্জেন্টাইন এই কোচ স্বীকার করে নেন চেলসির মতো আর্থিক দাপটের ক্লাবের কাছে কস্তাকে বিক্রি ঠেকানোর ক্ষেত্রে তিনি অসহায়। সিমিওনে বলেন, ‘এটা তার (কস্তা) উপর নির্ভর করছে। নিজের ভবিষ্যত্ নিয়ে সে কি ভাবছে তার উপর। সে যে সিদ্ধান্তই নিক আমি তা সমর্থন করবো। এটা স্বাভাবিক যে চেলসি তার ব্যাপারে আগ্রহী হবে।’ চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৯ খেলায় ৩৬ গোল করেছেন কস্তা। এর মধ্যে স্পানিশ লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর (৩০) পরই ২৭ গোল দিয়ে কস্তা আছেন দ্বিতীয় স্থানে। সঙ্গত কারণেই সেন্টার ফরোয়ার্ডটির প্রতি আগ্রহী হয় চেলসি। যদিও মধ্য মৌসুমে আর্সেনালও তাকে দলে টানতে চেয়েছিল। কিন্তু তিনি তখন দল ছাড়তে রাজি হননি। উল্লেখ্য, কস্তা পঞ্চম ব্রাজিলীয় হিসেবে স্পেনের জাতীয় দলে যোগ দেন। তার আগে হেরাল্ডো বেকেরা, কাতানহা, দোনাতো এবং মার্কোস সেন্না স্পেনের হয়ে খেলেছেন। যদিও কস্তা এর আগে ব্রাজিলের জাতীয় দলের হয়েও খেলেছেন। —ইয়াহু স্পোর্টস