প্রতিবেশী রাষ্ট্র ভারতের পানি আগ্রাসন ও নদী সংস্কারের অভাবে নওগাঁর ৭টি নদী শুকিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন বৃষ্টি না থাকায় পানির স্তর নিচে নেমে গেছে। খরা মৌসুমে পানিশূন্য হয়ে পড়ায় বোরো সেচ নিয়ে শংকিত নদী তীরের হাজারো কৃষক। বেকার হয়ে পড়েছে নদী নির্ভর শত শত মত্স্যজীবী।
আত্রাই, ছোট যমুনা, তুলসী গঙ্গা, নাগর, শিব, ফকিন্নি, পুনর্ভবাসহ সাতটি নদী। এ সব নদীতে বছরে পাঁচ থেকে ছয় মাস পানি থাকে। বাকি সময় নদীগুলো ধুধু বালুচর। ছোট যমুনা ও তুলসী গঙ্গা নদীর দু’তীরে অবৈধভাবে দখল করে বড় বড় বিল্ডিং, মার্কেট, চাতাল, বাড়ি নির্মাণ করা হচ্ছে।
নওগাঁর নদীগুলোকে দখল ও দূষণের হাত থেকে রক্ষার দাবিতে সমপ্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
সিপিবি’র নওগাঁ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোতেট মহসিন রেজা জানান, নদী খনন, চাতালের বিষাক্ত বর্জ্য ও ছাই নদীতে ফেলা বন্ধ ও দখলদারদের উচ্ছেদ করার জন্য একাধিকবার মানববন্ধন করে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোক্তার হোসেন বলেন, অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন করে জেলা প্রশাসক বরাবর দেয়া হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, পরিবেশের বিরূপ প্রভাবমুক্ত রাখতে অবৈধ উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। জেলার নদীগুলোকে সচল করা গেলে শস্য সমৃদ্ধ হয়ে উঠবে এ অঞ্চল।
