জামালপুর প্রতিনিধি
জামালপুরে অপহরণের ৬ ঘন্টা পর শহরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে হূদয় (২৭) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। অপহূত হূদয় শহরতলীর হাটচন্দ্রা এলাকার ছাইদুল হকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিকে রেলস্টেশন এলাকা থেকে ওই যুবককে ৫/৬ জন অপহরণকারী অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ হিসেবে হূদয়ের পরিবারের কাছে মোবাইল ফোনে ১ লাখ টাকা দাবি করে। হূদয়ের পরিবার বিষয়টি পুলিশকে জানালে হূদয়কে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। জামালপুর সদর থানার সেকেন্ড অফিসার এসআই শাহ্ নেওয়াজ জানান, অপহূত হূদয়কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ছয়জনের নাম উল্লেখ করে থানায় অপহরণ মামলা হয়েছে।
