নরসিংদীতে মন্দিরের ভিতরে সেবিকা খুন

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১৭
নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামের দেবাইল মন্দিরের মধ্যে গত শুক্রবার সকালে সাবিত্রী রানী দে (৬০) নামে এক সেবিকাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে পলাশের ভাগ্যপাড়া গ্রামের প্রয়াত সুধীর দে’র স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত দুই বছর ধরে সে দেবাইল মন্দিরে সেবিকার দায়িত্ব পালন করে আসছে। প্রতিদিনের মত গতকালও ভোরে মন্দিরে কাজ করতে যায়। কিন্তু সকাল ৯টায় বাড়ি ফিরে না আসায় লোকজন খুঁজতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় বাথরুমের পাশে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গত শনিবার মন্দির প্রাঙ্গণে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ এক প্রতিবাদ সভার আয়োজন করে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপকার কুমার সাহা, নরসিংদী শহর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, সদরের সভাপতি নারায়ণ চন্দ্র সাহা, সদরের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা এবং জেলা উদযাপন কমিটির মহিলা সম্পাদিকা ইতি রাণী পাল ও পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। নরসিংদী পলাশ থানার ওসি সাইদুল হক ভুঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধে মন্দিরের সেবিকাকে খুন করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পলাশ থানায় মামলা করেছেন।