নাকুগাঁও স্থলবন্দরে ৩০ লাখ টাকা আত্মসাত্

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১৮
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট আর শুল্ক বন্দর অফিসের লোকজন মিলে ব্যাংক জালিয়াতির মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আত্মসাত্ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তল্লাশি করলে এ রকম জালিয়াতির ঘটনার আরো মিলবে বলে সংশ্লিষ্টদের ধারণা । জানা গেছে, জেলার একমাত্র স্থলবন্দর নাকুগাঁও দিয়ে দীর্ঘদিন যাবত্ ভারতীয় কয়লা, পাথরসহ কয়েকটি পণ্য আমদানি করে আসছে ব্যবসায়ীরা। আমদানিকৃত পণ্যের মধ্যে কয়লা অন্যতম। চলতি অর্থ বছরে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩শ’ ১৮টি এলসি জমা পড়ে। এর মধ্যে ১৬ টি এলসি’র প্রায় ৩০ লাখ ৮৭ হাজার ৬শ’ টাকার শুল্ক ব্যাংকের ম্যানেজার ও ক্যাশিয়ারের সীল, স্বাক্ষর জাল করে আত্মসাত্ করার ঘটনা ফাঁস হয়ে পড়েছে। এলসি অনুযায়ী নাকুগাঁও শুল্ক অফিস ও সোনালী ব্যাংক শাখায় হিসাবে গরমিল দেখা দেয়ায় এ ঘটনা ফাঁস হয়।