পৃথক ঘটনায় দুই স্থানে দুইজন খুন

আপডেট : ০৩ মে ২০১৪, ২২:১৯
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় দুইজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। গাংনীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মেহেরপুরের গাংনী পৌর এলাকার সিনেমা হলপাড়ায় গতকাল শনিবার দুপুরে পারিবারিক কলহের জেরে কুপিয়ে সেলিনা খাতুন (৩২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা করেছে স্বামী। স্থানীয়রা জানান, সিনেমা হলপাড়ার মাসুদ ও তার স্ত্রী সেলিনা খাতুনের মধ্যে অভাব-অনটনের কারণে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মাসুদ হাসুয়া দিয়ে কুপিয়ে সেলিনাকে হত্যা করে। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সেলিনার স্বামী মাসুদ পলাতক রয়েছে। দারিদ্র্যতার কারণে সেলিনাকে হত্যা করা হতে পারে। সাঘাটায় বড় ভাইকে খুন গাইবান্ধার সাঘাটা উপজেলার চকচকিয়া গ্রামে গত শুক্রবার ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডাল কুড়ানো নিয়ে শওকত আলী বেপারী (৫৫) বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই ছামছুল ইসলাম মুন্সি। সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে ঝড়ে শওকত আলী ঘরের ওপর একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে। সকালে ওই ডাল কুড়ানোকে কেন্দ্র করে শওকত আলীর সঙ্গে ছোট ভাই ছামছুল ইসলাম মুন্সির বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ছামছুল ইসলাম মুন্সি ও তার ছেলে ফিরোজ মিয়া ক্ষিপ্ত হয়ে শওকত আলীকে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই শওকত আলী মারা যান।