শেষ দিনে জমা পড়লো আরও মনোনয়নপত্র

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০০:৫৬

একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল অনুযায়ী গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন সারা দেশের মতো ঢাকার আশপাশের বিভিন্ন এলাকার প্রার্থীরাও স্ব স্ব আসনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে  গতকাল বুধবার গাজীপুরের ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে গাজীপুর-১ এ ১৪, গাজীপুর-২এ ৯, গাজীপুর-৩ এ ১০, গাজীপুর-৪এ ৯ এবং গাজীপুর-৫এ ৭জন প্রার্থী রয়েছেন। গাজীপুুরের রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর জানান, গাজীপুর-১ আসনের প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কামাল উদ্দিন শিকদার, বিএনপির চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী ও চৌধুরী ইশরাক  আহমেদ সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল বাশার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টির (বিএনএফ) আরিফুল ইসলাম, গণফ্রণ্টের আতিক মাহমুদ, তরিকত ফেডারেশনের  মো. হাসান উদ্দীন, বাসদের মোহাম্মদ রাহাত আহাম্মেদ, জাতীয় পার্টির মো. শরীফুল ইসলাম, গণফোরামের মো. রফিকুল ইসলাম, মুসলিম লীগ মো. হুমায়ন কবির ও কৃষক শ্রমিক জনতা লীগের আলী হোসেন মন্ডল। 

গাজীপুর-২ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল, বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ও মো. সালাউদ্দিন সরকার, জাতীয় পার্টির মো. মাহবুব আলম ও জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জিয়াউল কবীর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মো. আবদুল কাইয়ুম, বাংলাদেশ মুসলীম লীগ সৈয়দ মোহাম্মদ আবদুল হান্নান নূর। 

গাজীপুর-৩ আসনের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের ইকবাল হোসেন সবুজ, বিএনপির অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রহমত উল্লাহ, জাকের পার্টির মো, নাসির উদ্দিন, তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম, জাসদের জহিরুল হক মন্ডল (বাচ্চু), জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ,  বাসদের এস এম মফিজ উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী ও মো. আ: রহমান।

গাজীপুর-৪ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি, বিএনপির শাহ রিয়াজুল হান্নান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. নুরুল ইসলাম সরকার, বিএনএফের মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানবেন্দ্র দেব, জাকের পার্টির জুয়েল কবির, জাসদের মো. নাজিম উদ্দিন শেখ, জাতীয় পার্টির মো. মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন।  

গাজীপুর-৫ আসনের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাকের পার্টির আমিনুল ইসলাম মাহমুদ, ইসলামিক ফ্রন্টের  মো. আল আমিন দেওয়ান ও স্বতন্ত্র মো. আবু আশরাফ ভুঁইয়া।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ১১তম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার সিরাজদিখানে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের মনোনয়নপত্র জমা দেন ঐক্যফ্রন্টের  বিএনপির মনোনীত দুই প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ও শেখ মো: আবদুল্লাহ ও মহাজোটের পক্ষে বিকল্পধারার প্রার্থী মাহী বি চৌধুরী। বিএনপি মনোনীত শাহ মোয়াজ্জেম হোসেনের  পক্ষে মনোনয়নপত্র জমা দেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন ও অন্যান্য নেতা-কর্মী। পরে অপর বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং মহাজোটের পক্ষে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী নিজেই মনোনয়নপত্র জমা দেন।

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খ্যাতিমান কণ্ঠশিল্পী মমতাজ বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকালে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লার নিকট এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এছাড়া বিএনপি থেকে এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত এবং সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রাব্বী মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীনুর ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল কায়সার।

সাভার থেকে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার জানান, ঢাকা-১৯ (সাভার) আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ডাঃ এনামুর রহমান। এছাড়া বিএনপির প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং মো. কফিল উদ্দিনসহ অন্যান্য দলের ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভার উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা বুধবার রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেন। বিকাল ৪টায় আওয়ামী লীগের প্রার্থী আলহাজ নজরুল ইসলাম বাবু সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেন। এর আগে দুপুরে বিএনপির প্রার্থী মাহমুদুর রহমান সুমন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে সাতজন প্রার্থী গতকাল জেলা রিটার্নিং রাব্বি মিয়া ও সহকারী রিটার্নিং অফিসার আবুল ফাতে মোঃ সফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), ধানের শীষ প্রতীকে কাজী মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান চন্দন, স্বতন্ত্র হিসেবে হাবিবুর রহমান ও রেহান আফজাল। 

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর ও শিবালয়) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি এ,এম নাঈমুর রহমান দুর্জয় মনোনয়নপত্র জমা দেন। একই আসনে স্বতন্ত্র (বিদ্রোহী প্রার্থী) হিসেবে সাবেক এমপি ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হকের পক্ষে তার ভাগ্নে মো. সালাউদ্দিন মনোনয়ন পত্র জমা দেন।  একই আসনে বিএনপির তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাশিমপুর কারাগারে অন্তরীণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজা’র পক্ষে অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। একই আসনে বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক এসএ কবির জিন্নাহ ও দলের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু মনোনয়নপত্র জমা দেন।