উড়ে গেছে চাল খোলা আকাশের নীচে ক্লাস

আপডেট : ০৪ মে ২০১৪, ২১:০৭
পাঁচ শ্রেণির জন্য ছয় কক্ষ। এর মধ্যে একটিমাত্র শ্রেণিকক্ষ পাকা। বাকিগুলো অর্ধেক পাকা, অর্ধেক কাঁচা। ইটের দেয়াল, টিনের ছাউনি। টিনের ছাউনি আগে ছিল। এখন নেই। একটিমাত্র পাকা কক্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের ক্লাস চলছে। বাকি চার শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে স্কুলসংলগ্ন ফুটবল মাঠে খোলা আকাশের নিচে। গতকাল রবিবার এই চিত্র গোদাগাড়ীর বিদিরপুর উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের। গত বৃহস্পতিবার রাতের কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড স্কুলের মূল কাঠামো। একটি গ্রন্থাগার ও পাঁচটি শ্রেণিকক্ষের টিনের ছাদ উড়ে গিয়ে পড়েছে ৫০ গজ দূরের পুকুরে। প্রবল হাওয়ায় ফাটল দেখা দিয়েছে শ্রেণিকক্ষের দেয়ালে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত। তাই কড়া রোদেও খোলা আকাশের নিচে খেলার মাঠে পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, শ্রেণিকক্ষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু গত শনিবার পর্যন্ত স্কুলটি কেউ পরিদর্শনে আসেননি। জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহেল হোসেন বলেন, গোদাগাড়ীর মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান ঝড়ে বিধ্বস্ত হয়েছে। পর্যায়ক্রমে এসব স্কুল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।