মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর-কদমতলী পাকা রাস্তার অখিরাহাট সংলগ্ন ব্রিজটি ভেঙ্গে গিয়ে বর্তমানে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলের মারাত্মক বিপর্যয় ঘটছে। মিঠাপুুকুর উপজেলার রাণীপুকুর মাঠেরহাট হয়ে অখিরাহাট সংলগ্ন দীর্ঘ কয়েক বছর আগে নির্মিত ব্রিজটি বয়সের ভারে নুয়ে পড়েছে। প্রথমে কার্পেটিং উঠে গিয়ে,পরে ব্রিজটির মাঝস্থল ভেঙ্গে পড়ে।
এই রাস্তায় নিত্য প্রয়োজনীয় কাঁচামালসহ কৃষকের উত্পাদিত ফসল আমদানি ও রপ্তানি হয়ে থাকে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে বহুদূর পথ ঘুরে গন্তব্যস্থানে পৌঁছতে হয়। ফলে অতিরিক্ত পরিবহন ভাড়া ব্যয় করতে হয়। এ অঞ্চলের পণ্যসামগ্রী পারাপারে বিঘ্ন ঘটাসহ স্থানীয় জনসাধারণদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খোড়াগাছ ইউপি চেয়ারম্যান নুর আলম জানান, অন্ধকারে ব্রিজটি মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। মেরামতের জন্য বার বার সংশ্লিষ্টদের জানানোর পরও কাজ হচ্ছে না।
