আইনজীবীদের সাথে বিচারকের দুর্ব্যবহার এবং আদালতের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে গতকাল রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আদালত বর্জনের ডাক দিয়েছে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন। এদিকে রবিবার হঠাত্ এ কর্মসূচির কারণে শত শত বিচার প্রার্থী আদালতে এসে চরম বিড়ম্বনার স্বীকার হন। জেলা বারের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বলেন, সামগ্রিকভাবে আদালতের অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং গত সোমবার রাতে লিগ্যাল এইড দিবসের আলোচনা সভায় জনৈক এক বিচারক গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন সদস্য অ্যাডভোকেট সমীরণ কুমারের সাথে দুর্ব্যবহার করে। এর প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে। গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল করিম লাছু বলেন, আগামী সাত দিনের মধ্যে সম্মানজনক সমাধান না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
