নরসিংদী জেলা পরিষদ প্রশাসকের ভাতিজাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নরসিংদীতে জেলা পরিষদ প্রশাসকের ভাতিজাসহ নিহত ২
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখলা এলাকায় গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আরো একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামানের ছোট ভাই নজরপুর ইউপির সাবেক চেয়ারম্যান শফিউজ্জামান বাবলুর ছেলে গাজী তানভীর জামান জেবীন (২৮) ও জেবীনের বন্ধু বাঞ্ছারামপুর উপজেলার আব্দুল মতিনের পুত্র খায়রুল ইসলাম (২৯)। গুরুতর আহত হয়েছেন জনতা ব্যাংক নরসিংদী শাখার কর্মকর্তা আব্দুস সাত্তারের ছেলে ইমরান।
জানা গেছে, তিন বন্ধু ভৈরব থেকে নরসিংদীতে আসার পথে একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিন বন্ধু পড়ে যায়। এ সময় একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত ইমরানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা প্রশাসক মো. ওবায়দুল আজমসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাহুবলে পাঁচজন নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর এলাকায় গত শনিবার বিকালে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, গুলজার মিয়া (৩০) ও সুমন মিয়া (২০)। আহতদের প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে পৃথক ঘটনায় হবিগঞ্জে একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। বানিয়াচং উপজেলার কুমড়ী দুর্গাপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী সুমি (২২) নামে এক গৃহবধূকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়। এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। অপরদিকে মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে প্রিয়াংকা সরকার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রী নার্গিস আক্তারকে (২২) বাড়ির পুকুরপাড়ে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রামে সিএনজি চালক নিহত
চট্টগ্রাম নগরীর কাস্টমস ব্রিজের নিচে গত শনিবার সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। একটি কাভার্ডভ্যান পেছন থেকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে চালক দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাইছারা গ্রামের দুদু মিয়ার পুত্র।
ভালুকায় নিহত এক
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা-সাগরদীঘি সড়কে গত শনিবার দুপুরে ট্রাক ও লেগুনার সংঘর্ষে কামরুল (২৫) নামে প্রমি কনজ্যুমার কোম্পানির এক সেলসম্যান নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কামরুলকে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
আক্কেলপুরে অজ্ঞাত
পরিচয় বৃদ্ধের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাতাপুর এলাকায় গত শনিবার রাতে বাসের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ মারা গেছেন। এলাকাবাসী জানান, জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাস মাতাপুর রাস্তায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি।
গাইবান্ধায় নিহত এক
গাইবান্ধা সদর উপজেলার মাঝিপাড়া এলাকায় গতকাল রবিবার সকালে কাঁকড়া (ট্রাক্টর) উল্টে হূদয় চন্দ্র (৩০) নামে এক অটোটেম্পু চালক নিহত হয়েছেন। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, এ নিয়ে থানায় মামলা হয়েছে।
লক্ষ্মীপুরে কলেজ ছাত্রের
লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলী এলাকার খাল থেকে গতকাল রবিবার দুপুরে মো. গোলাম আজম (২০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার এ এস আই জসীমউদ্দিন জানান, গোলাম আজম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কোটালীপাড়ায় পানিতে
ডুবে কিশোরের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পশ্চিম দিঘলীয়া গ্রামে গতকাল রবিবার পানিতে ডুবে রাব্বি সরদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাব্বি একজন মৃগী রোগী ছিলেন।
ঈশ্বরদীতে গাছ থেকে পড়ে
কলেজ ছাত্রের মৃত্যু
পাবনার ঈশ্বরদীর পাকশী নদীর গাইড ব্যাংক এলাকায় গত শনিবার বিকালে গাছ থেকে পড়ে রাজিবুল ইসলাম রাজন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
রাজনের পরিবার ও পুলিশ সূত্র জানান, কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডালপালা কাটার জন্য রাজন তার বন্ধু রুবেলকে সাথে নিয়ে পাকশী রেল হাসপাতাল সড়কে হার্ডিঞ্জ ব্রিজ অফিস সংলগ্ন একটি বড় কড়ই গাছে উঠে। এ সময় গাছের ডাল ভেঙ্গে নিচে পাথরের স্তূপের উপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়। প্রথমে পাকশী রেল হাসপাতালে পরে ঈশ্বরদী হাসপাতালে নেয়ার পথে রাজন মারা যান।
জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলার ছোনটিয়া এলাকা থেকে গত শনিবার রাতে সাবিনা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মহব্বত কবীর জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা যাবে।
সরাইলে বজ্রপাতে নিহত এক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে গতকাল রবিবার দুপুরে বজ্রপাতে মুরশেদ (২৮) নামে এক কৃষক নিহত ও আরো তিনজন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন আলামিন, কালাম ও সামাদ।
চাটখিলে বজ্রপাতে সিএনজি
চালকের মৃত্যু
নোয়াখালীর চাটখিল উপজেলার তালতলা এলাকায় গত শনিবার বিকালে বজ্রপাতে মঞ্জুর হোসেন (২০) নামে এক অটোরিকশা সিএনজি চালক মারা গেছেন।
হবিগঞ্জে বজ্রপাতে
একজন নিহত
হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে গত শনিবার বিকালে বজ্রপাতে ফুলেছা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত ও আব্দুল মোতালিব (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। ঝড়ের সময়ে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত আব্দুল মোতালিবকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
