প্যারিস চুক্তির আওতায় জলবায়ু অর্থায়নে উন্নত ও উন্নয়নশীল দেশের জন্য আইনি বাধ্যতামূলক একটি ‘স্বচ্ছতা কাঠামো’ অবলম্বন করে জলবায়ু অর্থায়নের সংজ্ঞায়ন করাসহ আট দফা দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে উক্ত দাবিসমূহের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভার। মানববন্ধনে বক্তারা প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামোসংবলিত চূড়ান্ত রূপরেখা প্রণয়ন এবং প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করা সহ ৮ দফা দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সাভারের সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, সনাক সদস্য বীরমুক্তিযোদ্ধা আ খ ম সিরাজুল ইসলাম ও সনাক সদস্য বীরমুক্তিযোদ্ধা সোমেন্দ্রলাল আচার্য্য।
সনাক সভাপতি বলেন, ‘আসন্ন কপ ২৪ সম্মেলনে জলবায়ু স্বচ্ছতা কাঠামোসহ প্যারিস চুক্তি বাস্তবায়নে চূড়ান্ত রূপরেখা গৃহীত হবে বলে আমাদের প্রত্যাশা যা বৈশ্বিক চাহিদা অনুযায়ী প্যারিস চুক্তিতে প্রতিশ্রুত জলবায়ু তহবিল প্রদান, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে সহায়ক হবে। জলবায়ু অর্থায়নের বিষয়টি বাধ্যতামূলক না থাকায় স্বল্পোন্নত দেশসমূহের জন্য অনুদানভিত্তিক অর্থায়নে তীব্র অনিশ্চয়তা পরীলক্ষিত হয়েছে।’ তিনি এ অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান।
