বালিশ সমাচার

আপডেট : ২৫ মে ২০১৯, ১৮:৩৯

রিয়েল আবদুল্লাহ

 

আবুল মিয়া কাবুল যাবেন

সঙ্গে নেবেন বালিশ,

মাজা পিঠে দারুণ ব্যথা

চাই আরো মালিশ।

 

বালিশ কিনতে সার্চ দিলেন

ফেসবুকের বাজারে,

হরেক রকম বালিশ আছে

হাজারে ও হাজারে।

 

এক বালিশের দাম দেখে

চক্ষু উঠল গাছে,

তিরিশ মন ধানের দাম

যায় বালিশের কাছে।

 

বালিশ নাকি তুলতে হবে

সাতশ টাকা দামে,

খরচ হবে বেজায় রকম

শ্রমে আর ঘামে।

 

আবুল মিয়া বসে পড়ে

মাথায় দিয়ে হাত,

যত ব্যথা রোগে এদ্দিন

ছিলেন কুপোকাত।

 

বালিশ ছুঁয়ে এক নিমিষেই

সব যে গেল উড়ে ,

কাবুল যাবার শখ রেখে সে

বাড়ির দিকে ফেরে।