দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গত ৩ মে বেসিস কার্যালয়ে বিসিএসের নবনির্বাচিত কমিটিকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিসিএস ও বেসিসের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক উন্নয়ন, প্রসার ও ভবিষ্যত্ কর্ম পরিকল্পনা নিয়ে একটি দ্বিপাক্ষিক সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ তথ্যপ্রযুক্তির সামগ্রিক উন্নয়ন, শিল্পের প্রসার এবং তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালীকরণে করণীয় নিয়ে মতামত উপস্থাপন করার পাশপাশি বিসিএস এবং বেসিসের একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বেসিস সভাপতি শামীম আহসানও বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে দুই সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় বিসিএস কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বেসিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
