গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকার একটি ভূমিতে ও দুইটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। হঠাত্ করে ভূমিতে ফাটল দেখা দেয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে কালিয়াকৈর উপজেলার সিনাবাহ গ্রাম। ওই গ্রামের কৃষক আব্দুর রহিম গত শনিবার সকালে ঘুম থেকে উঠে তাদের পাকা ঘরের মেঝেতে বেশ কয়েকটি ফাটল দেখতে পান। ফাটল দেখে তিনি আশপাশের লোকজনদের বিষয়টি জানান। একই দিন সকালে ওই বাড়ির পাশে ইউনুস সরকারের বাড়ির গোয়াল ঘরের মেঝেতে এবং মোগর আলী ও সামছুদ্দিনের জমিতে দীর্ঘ লম্বা ফাটল দেখা যায়।
এ খবর ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার শত শত উত্সুক জনতা ফাটল দেখতে ওই স্থানে ভিড় করছে। ভৌতিক এ ফাটলের কারণে এলাকার অনেকের মধ্যে নানা প্রশ্ন ও আতঙ্ক বিরাজ করছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ভয় বা আতঙ্ক হওয়ার মতো কিছু পাইনি। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
