বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আট খুন

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:০৩
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় আটজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। নবাবগঞ্জে স্বর্ণকারের লাশ উদ্ধার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার বসন্ত জুয়েলার্স হতে গতকাল সোমবার সকালে পলাশ হালদার (২৫) নামে এক স্বর্ণকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে খাবার খেয়ে দোকানে ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ৬টায় দোকানের আরেক কর্মচারী পঙ্কজ হালদার দোকানে গিয়ে পেছনের দরজা খোলা পায় এবং সামনে পলাশের লাশ পড়ে থাকতে দেখেন। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। কর্মচারী পঙ্কজ জানান, দোকানের ভেতরের লকার খোলা ১০ ভরি স্বর্ণ ও ১০ ভরি রূপা এবং পলাশের মোবাইল খোয়া গেছে। নবাবগঞ্জ থানার এস আই সোহেল রানা বলেন, ঘটনাটি হত্যা কি না তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চট্টগ্রামের মিরসরাইয়ে গত রবিবার এক অজ্ঞাত পরিচয় (৪০) ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও গায়ে ছিল টি-শার্ট। তার গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্যান্টের পকেটে তরুণ-তরুণীর ছবি পাওয়া গেছে। ছবিটির খামের উপর সেভেন স্টার ডিজিডাল স্টুডিও, হাজী কফিল উদ্দিন সুপার মাকের্ট, সানারপাড় বাসস্ট্যান্ড নারায়ণগঞ্জ ঠিকানা লিখা রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীর ঘোড়ারপাড় এলাকা থেকে গত রবিবার অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করছেন শ্বাসরোধে হত্যা করে লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে। চট্টগ্রামে কিশোরীর লাশ উদ্ধার চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা থেকে গত রবিবার সকালে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশ জানায়, নিহত নারীর পরনে সেলোয়ার-কামিজ রয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জে ট্যাঙ্কি থেকে যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার একটি শেপ্টি ট্যাঙ্কির ভেতর থেকে গতকাল সোমবার দুপুর ১টায় অজ্ঞাত এক যুবকের (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩-৪ দিন আগেই হত্যার পর দুর্বৃত্তরা লাশ ট্যাঙ্কিতে ফেলে রেখেছে বলে পুলিশ ধারণা করছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। নরসিংদীতে কিশোর নিহত নরসিংদী পৌর শহরের বিলাসদী মহল্লায় গতকাল সোমবার সকালে তুচ্ছ ঘটনায় শাকিল নামে এক শ্রমিকের ঘুষির আঘাতে তুষার (১৬) নামে এক শ্রমিক মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইলের মেমোরি কার্ড নিয়ে শাকিলের ঘুষির আঘাতে তুষার আহত হন। তুষারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু বলে জানান। সোনাতলায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামে গত রবিবার সন্ধ্যায় আঁখি বেগম (২৫) নামে এক গৃহবধূ স্বামী মো. আশরাফের নির্যাতনে মারা গেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ জানান, নিহত আঁখি বেগমের বাবা বাদী হয়ে আশরাফসহ তিনজনকে আসামি করে সোনাতলায় থানায় নারী ও শিশু নির্যাতন মামলা করেছেন। মতলবে স্বর্ণালঙ্কারের লোভে দাদীকে খুন চাঁদপুরের মতলব উত্তরের এমএমকান্দি গ্রামে গত রবিবার রাতে নাতী মোখলেছ প্রধানের হাতে খুন হয়েছেন দাদী করকুলনেছা বেগম (৭৫)। এ ঘটনায় নাতী মোখলেছ প্রধানকে আটক করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, করকুলনেছার ছোট ছেলে রাশিয়া প্রবাসীকে পরিবারের সবাই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনতে যায়। এ সুযোগে নাতী মোখলেছ স্বর্ণালঙ্কারের লোভে বৃদ্ধা দাদীকে শ্বাসরোধে হত্যা করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু হানিফ জানান, মামলার প্রক্রিয়া চলছে। তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।